খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবিতে বিএনপির অনশন কর্মসূচি
- আপডেট সময় : ০৩:০০:২০ অপরাহ্ন, শনিবার, ১৪ অক্টোবর ২০২৩ ২১৪ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:
দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবিতে অনশন কর্মসূচি পালন করছে বিএনপি। শনিবার (১৪ অক্টোবর) সকাল ১১টা ২০ মিনিটে রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে এ কর্মসূচি শুরু হয়।
এছাড়া সারাদেশে জেলা ও মহানগরে অনশন কর্মসূচি পালন করছে বিএনপি।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে- নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অনশন কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়াও স্থায়ী কমিটির সদস্য- ড. আব্দুল মঈন খান, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, সেলিলা রহমান, ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমানসহ সিনিয়র নেতারা।
এছাড়া কেন্দ্রীয় ও অঙ্গ-সহযোগী সংগঠন এবং পেশাজীবী, যুগপৎ আন্দোলনে শরিক জোট ও দলের শীর্ষ নেতারাও সংহতি জানিয়ে বক্তব্য দিচ্ছেন। সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত তিন ঘণ্টা অনশন করেন দলটির নেতাকর্মীরা।
এর আগে ঢাকা মহানগর বিএনপি আয়োজিত অনশন কর্মসূচিতে অংশ নিতে শনিবার সকাল থেকে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে বিএনপির নেতা-কর্মীরা কেন্দ্রীয় থানার সামনে স্লোগান দিয়ে জড়ো হতে থাকেন। খালেদা জিয়ার মুক্তির দাবিতে স্লোগানে নয়া পল্টন এলাকা উত্তাল করে তুলছেন তারা।
এসময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে লিবারেল ডেমোক্র্যাটিক পার্টির সভাপতি অলি আহমদ জুস পান করিয়ে অনশন ভাঙান।
অপরদিকে অধ্যাপক মাহবুব উল্লাহ এবং আনোয়ার হোসেন বিএনপির স্থায়ী কমিটির অন্যান্য সদস্যদের জুস পান করিয়ে অনশন ভাঙান।
নেতাকর্মীরা বলছেন, দলের নেতার মুক্তির দাবিতে রাজপথে যে কোনো প্রতিবাদ কর্মসূচি পালন করতে প্রস্তুত তারা।
















