আজও ডেঙ্গুতে ১৫ জনের মৃত্যু
- আপডেট সময় : ০৭:৫৯:১৯ অপরাহ্ন, বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০২৩ ২৪৬ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ১৫ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সারাদেশে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ২ হাজার ৯৫০ জন।
বুধবার (২৭ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গু সংক্রান্ত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ২ হাজার ৯৫০ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকায় ৭২৬ জন এবং সারা দেশে (ঢাকা শহর ছাড়া) ২ হাজার ২২৪ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
গত ২৪ ঘণ্টায় সারাদেশের হাসপাতাল থেকে মোট ৩ হাজার ১২৪ জন ডেঙ্গু রোগীকে ছেড়ে দেওয়া হয়েছে। এর মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতাল থেকে ৭৬২ জন এবং সারা দেশের বিভিন্ন হাসপাতালে (ঢাকা ছাড়া) ২ হাজার ৩৬২ জন ছাড়পত্র পেয়েছেন।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে যে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ঢাকায় সাতজন এবং সারাদেশে আটজন মারা গেছেন (ঢাকা শহর বাদে)।
এ বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মোট ৯৫৮ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ঢাকায় ৬২৪ জন এবং সারা দেশে (ঢাকা শহর বাদে) ৩৩৪ জন মারা গেছেন।
চলতি বছরের ২৭ সেপ্টেম্বর পর্যন্ত মোট ১,৯৬,৮৩১ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে ঢাকায় ৮১ হাজার ২১৬ জন এবং সারা দেশে (ঢাকা শহর ছাড়া) ১ লাখ ১৫ হাজার ৬১৫ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন।
চলতি বছর এ পর্যন্ত মোট এক লাখ ৮৫ হাজার ৯০৬ জন ডেঙ্গু রোগীকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে। এর মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতাল থেকে ৭৭ হাজার ৫৪ জন এবং সারাদেশের বিভিন্ন হাসপাতালে (ঢাকা শহর ছাড়া) ১ লাখ ৮ হাজার ৮৫২ জন ছাড়পত্র পেয়েছেন।
বর্তমানে সারা দেশে মোট ৯ হাজার ৯৬৭ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি রয়েছেন। ঢাকায় ৩ হাজার ৫৩৮ জন এবং সারা দেশে (ঢাকা ছাড়া) ৬ হাজার ৪২৯ জন রোগী হাসপাতালে ভর্তি রয়েছেন।
আরও বলা হয়, চলতি বছরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পাওয়ার হার ৯৪ শতাংশ। হাসপাতালে ভর্তির হার ৫ শতাংশ এবং মৃত্যুর হার ০.৫ শতাংশ।
গত বছরের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে মোট ৬২ হাজার ৩৮২ জন রোগী ভর্তি হয়েছেন এবং ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মোট ২৮১ জন মারা গেছেন।


















