দেশে ন্যায়বিচার প্রতিষ্ঠা হলে কেউ রেহাই পাবে না:ফখরুল
- আপডেট সময় : ০১:৪২:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মার্চ ২০২৪ ২৬১ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি :
অপরাধীরা যতই ক্ষমতাসীনদের পৃষ্ঠপোষকতা পান না কেন, দেশে ন্যায়বিচার প্রতিষ্ঠা হলে কাউকে ছাড় দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সবকিছুরই শেষ পরিণতি আছে বলেও হুঁশিয়ারি করেন তিনি।
সোমবার (১১ মার্চ) এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন। রোববার লালমনিরহাটের মহেন্দ্রনগর উপজেলার খুনিয়াগাছ ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো. ফেরদৌস আলী হত্যার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ফখরুল এ বক্তব্য দেন।
বিএনপির মহাসচিব বলেন, ‘আওয়ামী লীগ কখনোই উদার গণতন্ত্র, সামাজিক স্থিতি ও শান্তির পরিবেশ বজায় রাখাতে বিশ্বাস করে না। শুধু গদি আঁকড়ে রাখতে অবৈধ ক্ষমতাসীনরা দুঃশাসন জিইয়ে রাখতেই অতিশয় উৎসাহী। গত দেড় দশক ধরে গণতান্ত্রিক শক্তির বিরুদ্ধে এক বর্বর হিংসাযুদ্ধে লিপ্ত রয়েছে সরকার।’
মির্জা ফখরুল বলেন, ‘লালমনিরহাটে খুনিয়াগাছ ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো. ফেরদৌস আলীকে দুষ্কৃতকারীদের দ্বারা হত্যা এক ভয়ানক দৃষ্টান্ত। জনগণ এই অমানবিক ও হৃদয়বিদারক ঘটনার বিচার একদিন বাংলাদেশের মাটিতেই করবে ইনশাআল্লাহ। সবকিছুরই শেষ পরিণতি আছে।’























