দেশের বাস্তবতা বুঝতে ব্যর্থ বিএনপি, রাজনীতিতে ক্রমে জনবিচ্ছিন্ন হয়ে পড়ছে:কাদের
- আপডেট সময় : ০৪:৪৪:৪৬ অপরাহ্ন, রবিবার, ১০ মার্চ ২০২৪ ৪৫৯ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি :
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বাংলাদেশের রাজনীতি প্রমাণ করেছে শেখ হাসিনার হাতেই এদেশের গণতন্ত্র নিরাপদ। তিনি দেশের বাস্তবতা বোঝেন। আর বিএনপি তা বুঝতে ব্যর্থ হওয়ায় রাজনীতি থেকে ক্রমেই জনবিচ্ছিন্ন হয়ে পড়ছে।
রোববার (১০ মার্চ) ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
কাদের বলেন, বাংলাদেশের উন্নয়ন ও সমৃদ্ধি শেখ হাসিনার হাতে। এটাই আজকের বাস্তবতা। যতদিন দেশ তার হাতে থাকবে ততদিন পথ হারাবে না বাংলাদেশ। তিনি মানুষের চোখের ভাষা, মনের ভাষা বুঝতে পারেন। যেটা বুঝতে ব্যর্থ হয়েছে বিএনপি। বোঝে না বলেই তারা রাজনীতিতে জনবিচ্ছিন্ন হয়ে পড়ছে।
এ সময় সচিবালয় ঘেরাও কর্মসূচিতে বিএনপির সমমনা ব্যক্তিদের সহিংসতার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, সমমনারা যদি ষড়যন্ত্র করে সন্ত্রাস করে থাকে, তার মানে হলো, কোনো ষড়যন্ত্র নেই। মনে করার কারণ বিএনপি জড়িত নয়। যেখানে সন্ত্রাস আছে, সেখানে বিএনপি আছে।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে ইউরোপীয় ইউনিয়নের সাম্প্রতিক প্রতিবেদন প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, তাদের নিজস্ব একটা হিসাব-নিকাশ আছে এবং পশ্চিমা বিশ্বের অ্যালায়েন্স, সে অ্যালায়েন্স রক্ষার বিষয়টি আছে, তারা কিছু নীতিমালা অনুসরণ করে। যুক্তরাষ্ট্র বাংলাদেশের নির্বাচন নিয়ে যে মন্তব্য করেছে, এখানে ইউরোপীয় ইউনিয়ন তারা তাদের সুরেই কিছুটা সুর মিলিয়েছে। তবে আমরা গুরুত্ব দেবো মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে লেখা চিঠিতে কী বলেছেন। তারা বাংলাদেশের সঙ্গে নিবিড়ভাবে কাজ করতে আগ্রহী। তাছাড়া মানদণ্ডের বিষয়টি একেকজনের কাছে একেকরকম। বাংলাদেশে যে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়ে গেলো এই নির্বাচনের মানদণ্ড যদি খুবই তলানিতে গিয়ে পৌঁছাত তাহলে আজ ইউরোপীয় ইউনিয়ন, ওয়াশিংটন হাউজের প্রশংসাসূচক মন্তব্য পাওয়া থেকে বঞ্চিত হতাম। আমাদের মানদণ্ডে ঠিক আছে। বাংলাদেশের বাস্তবতায় নির্বাচনের মানদণ্ড ঠিক আছে।
সংবাদ সম্মেলনের শুরুতে ময়মনসিংহ ও কুমিল্লা সিটি নির্বাচনসহ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কথা বলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী। তিনি বলেন, ময়মনসিংহ ও কুমিল্লা সিটি করপোরেশনসহ ২৩১টি স্থানীয় সরকার নির্বাচন সম্পন্ন হয়েছে। যেখানে গড় ভোট পড়েছে ৬০ শতাংশ। নির্বাচন মোটামুটি অবাধ ও সুষ্ঠু হয়েছে। সরকার কোনোভাবেই হস্তক্ষেপ করেনি। তিনি নির্বাচন কমিশন, আইনশৃঙ্খলা বাহিনীসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান এবং ভোট শান্তিপূর্ণ ও সুষ্ঠু হওয়ায় বিজয়ী প্রার্থীদের অভিনন্দন জানান।















