জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে নির্বাচনে অংশ নিচ্ছে জাতীয় পার্টি
- আপডেট সময় : ০৬:৩৮:০৪ অপরাহ্ন, রবিবার, ১৭ ডিসেম্বর ২০২৩ ২১৫ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি :
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টি অংশগ্রহণ করবে। রোববার (১৭ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টায় রাজধানীর বনানীতে জাতীয় পার্টির চেয়ারম্যানের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলটির মহাসচিব এ কথা বলেন। মুজিবুল হক চুন্নু।
তিনি বলেন, আমরা নির্বাচনে যাচ্ছি। নির্বাচন সুষ্ঠু ও অর্থবহ করতে সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করব। তবে এই মুহূর্তে আমি বলতে চাই, আমরা নির্বাচনে যাচ্ছি।
চুন্নু বলেন, জাতীয় পার্টি আওয়ামী লীগকে ছাড়াই জাতীয় সংসদ নির্বাচনে যাবে। তারা স্বতন্ত্রভাবে (জোটে নয়) ২৮৩টি আসনে নির্বাচন করবে।
জাপা মহাসচিব বলেন, জাতীয় পার্টি আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিল এবং সেই লক্ষ্যে কাজ করে আসছিল। সরকার ও নির্বাচন কমিশনের কাছে আমাদের একটি দাবি ছিল যে, যেন নির্বাচন অংশগ্রহণমূলক ও সুষ্ঠু হয়, যাতে করে মানুষ ভোট দিতে আসতে পারে। তাহলে জাতীয় পার্টি নির্বাচনে থাকবে। সরকার ও নির্বাচন কমিশনের আশ্বাসে আমাদের আস্থা এসেছে যে, তারা নির্বাচনটা ভালোভাবে করতে চান। আমরা নির্বাচনে অংশগ্রহণ করব এবং নির্বাচন যেন প্রতিযোগিতামূলক হয় সেই আলোকে আমরা কাজ করে যাব।
আমরা আশা করি এদেশের জনগণ তাদের গণতান্ত্রিক অধিকার ও ভোট প্রয়োগ করবে। এদেশের মানুষ অনেক সচেতন। আমরা আশা করি নির্বাচনের মাধ্যমে একটি গণতান্ত্রিক ব্যবস্থা কায়েম হবে। আমরা নির্বাচনটা করার জন্য আমাদের সব প্রার্থীকে আজকে চিঠি দিচ্ছি।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা ২৮৩টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করব। কিছু কিছু আসনে সমঝোতা হচ্ছে বা হবে। নির্বাচনে আমরা যাচ্ছি। সব বাধা উপেক্ষা করে আমরা নির্বাচনে যাচ্ছি।


























