কুষ্টিয়ায় মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার
- আপডেট সময় : ০৯:৩৬:৫৬ অপরাহ্ন, বুধবার, ১৭ জানুয়ারী ২০২৪ ২৮২ বার পঠিত

আমিন হাসান, কুষ্টিয়া প্রতিনিধিঃ
কুষ্টিয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি ময়না খাতুনকে গ্রেপ্তার করেছে র্যাব-১২ এর সদস্যরা। গ্রেপ্তারকৃত ময়না খাতুন(৩৭) কুষ্টিয়ার ভেড়ামারা পৌরসভার নওদাপাড়া এলাকার বাসিন্দা।
আজ সকালে র্যাব-১২ সিপিসি-১ ক্যাম্পের কোম্পানি স্কোয়াড কমান্ডার কিশোর রায় প্রেস ব্রিফিংয়ে জানান, মঙ্গলবার(১৬ জানুয়ারি) রাতে গোপন সংবাদের ভিত্তিতে দীর্ঘ ৯ বছর পর ঢাকার সাভার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
২০১৫ সালে ভেড়ামারা থানাধীন নওদাপাড়া গ্রামস্থ মনোয়ারা বেগমের বাড়ীর সামনে অবৈধ হেরোইন ক্রয়/বিক্রয়কালে গ্রেফতার হন ময়না। উক্ত ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ভেড়ামারা থানায় একটি মামলা দায়ের করা হয়। ২০১৫ সালের ৪ সেপ্টেম্বর ধারা-১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯(১) এর মামলার বিচারিক কার্যক্রম শেষে ২০২১ সালের ২৮ নভেম্বর কুষ্টিয়া অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-১ এর বিচারক আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডসহ ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো ১ বছরের সশ্রম কারাদণ্ডের সাজা প্রদান করে।
রায় ঘোষণার আগে থেকেই জামিনে বের হয়ে ময়না খাতুন আত্মগোপনে চলে যায়। পরে প্রথম স্বামীকে তালাক দিয়ে আবারও বিয়ে করে দ্বিতীয় স্বামীর সঙ্গে ঢাকার সাভার এলাকায় একটি ভাড়া বাসায় বসবাস করে আসছিলেন।
ময়না খাতুনের বিরুদ্ধে রায় ঘোষণার পর থেকেই গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়ায় র্যাবের গোয়েন্দা দল আসামিকে গ্রেফতারের চেষ্টা চালিয়ে আসছিল। মঙ্গলবার (১৬ জানুয়ারি) রাতে গোপন সংবাদের ভিত্তিতে দীর্ঘ ৯ বছর পর ঢাকার সাভার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পরে গ্রেপ্তারকৃত আসামিকে কারাগারে পাঠানো হয়।


















