বাংলাদেশ কখনো শ্রীলঙ্কা হবে না, ইউরোপ-জাপান-চীন হবে: পরিকল্পনামন্ত্রী
- আপডেট সময় : ০২:২৫:২১ অপরাহ্ন, রবিবার, ২৫ জুন ২০২৩ ২২৯ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:
পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, বাংলাদেশ কখনো শ্রীলঙ্কা হবে না, হওয়ার সম্ভাবনা নেই। ভয় নেই, বাংলাদেশ এখন ইউরোপ-জাপান-চীন হবে। গত এক বছর ধরে কিছু লোক বিভিন্নভাবে মানুষকে উস্কানি দিয়ে আসছে। উস্কানি কোনো কাজে আসবে না।
রোববার (২৫ জুন) সকাল সাড়ে ১১টায় মন্ত্রীর স্বেচ্ছাসেবী তহবিল থেকে দরিদ্রদের মধ্যে আর্থিক অনুদান বিতরণকালে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এসব কথা বলেন।
আন্তর্জাতিকভাবে দেশ একঘরে হয়ে গেছে- বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর এমন মন্তব্যের প্রতিবাদ জানিয়ে পরিকল্পনামন্ত্রী বলেন, এক ব্যক্তির কথায় দেশ একঘরে হয়ে যায় না। জাতিসংঘ জানে না বাংলাদেশ একঘরে হয়ে গেছে। আমরা বিশ্ব সমাজে আছি।
আসন্ন সংসদ নির্বাচন প্রসঙ্গে মন্ত্রী বলেন, আগামী সংসদ নির্বাচন অবশ্যই সুষ্ঠু হবে। এর আগেও নির্বাচন সুষ্ঠু হয়েছে। আমাদের দল নির্বাচনে কাউকে বাঁধা দেবে না। বিশৃঙ্খলা করবে না। তবে নির্বাচনকে সামনে রেখে কেউ বিশৃঙ্খলা, মারামারি, আগুন লাগাতে চাইলে তাদের প্রতিহত করা হবে। এলাকার মানুষ তাদের প্রতিহত করবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আনোয়ার উজ জামানের সভাপতিত্বে ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাসনাত হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল হুদা মুকুট, সাধারণ সম্পাদক নোমান বখাত পলিন ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিতাংশু শেখর ধর সেতু। বক্তৃতা শেষে তারা উপজেলার ৪১৭ জন দরিদ্র মানুষকে মোট ৫ লাখ ১২৭০ টাকা প্রদান করেন।











