ট্রেনের বগিচ্যুতের ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি রিজভীর
- আপডেট সময় : ০৩:৩১:৩৮ অপরাহ্ন, বুধবার, ১৩ ডিসেম্বর ২০২৩ ২০০ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:
গাজীপুরের ভাওয়াল রেলস্টেশনে ৭টি বগি লাইনচ্যুত হয়ে এক যাত্রীর মৃত্যু ও বেশ কয়েকজন আহত হওয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, এ ঘটনা নিঃসন্দেহে নাশকতামূলক কাজ। আমি এই ঘটনার নিন্দা জানাই। যারা এ ধরনের অমানবিক ঘটনা ঘটিয়েছে তারা মানবতার শত্রু।
বুধবার (১৩ ডিসেম্বর) এক বিবৃতিতে তিনি এ কথা বলেন।
রিজভী বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির পক্ষ থেকে ভাওয়াল রেলস্টেশনে ট্রেন লাইনচ্যুত হওয়ার ঘটনায় জড়িতদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। নিহতদের বিদেহী আত্মার মাগফেরাত ও আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।
বিএনপি নেতা আরও বলেন, দুই-একটি গণমাধ্যম ট্রেনের এই বগিচ্যুতের ঘটনায় গণতন্ত্রের জন্য আন্দোলনরত দলগুলোর ওপর দোষ চাপানোর ইঙ্গিত দিচ্ছে, যা গভীর চক্রান্তমূলক। এতেই প্রমাণিত হয় ও জনগণ বিশ্বাস করে, সুপরিকল্পিতভাবে নাশকতা ঘটানো হয়েছে। এই ঘটনায় উদোর-পিন্ডি বুধোর ঘাড়ে চাপাতেই দু’একটি গণমাধ্যম বিরোধী দলের চলমান গণতান্ত্রিক আন্দোলনের বিরুদ্ধে ন্যাক্কারজনক অপপ্রচার চালাতে শুরু করেছে। আমরা এ ঘটনার নিরপেক্ষ বিচারবিভাগীয় তদন্ত দাবি করছি।























