অনলাইন ও অফলাইন মিলিয়ে পাঠদানের পরিকল্পনা, জ্বালানি সাশ্রয়ের লক্ষ্য : শিক্ষামন্ত্রী
- আপডেট সময় : ০১:৪২:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬ ৭৩ বার পঠিত

বাংলাদেশ কন্ঠ ।। মঙ্গলবার ।। ৩১ মার্চ ২০২৬ ।।
শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন জানিয়েছেন, জ্বালানি সাশ্রয়ের কারণে দেশের স্কুলগুলোর ক্লাস শিগগিরই অনলাইনের সঙ্গে সশরীরে মিলিয়ে নেওয়ার পরিকল্পনা চলছে।
মঙ্গলবার (৩১ মার্চ) সচিবালয়ে জ্বালানি পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রী সভাপতিত্বে অনুষ্ঠিত উচ্চ পর্যায়ের বৈঠকের পরে শিক্ষামন্ত্রী এ তথ্য জানান। তিনি বলেন, “জ্বালানি সংকট শুধু বাংলাদেশে নয়, এটি বিশ্বব্যাপী একটি সমস্যা। কত দিন এটি চলবে তা আমরা নিশ্চিতভাবে জানি না। তাই আমাদের স্কুল সিস্টেমকে অনলাইনের সঙ্গে মেলিয়ে ‘অনলাইন-অ্যান্ড-অফলাইন’ মডেলে পাঠদান করার চিন্তা চলছে।” শিক্ষামন্ত্রী আরও জানান, “সপ্তাহে পাঁচ দিন ক্লাস হওয়ার কথা থাকলেও রোজার ছুটি ও বিভিন্ন আন্দোলনের কারণে কিছু ক্লাস লস হয়েছে। এই সমস্যা কাটাতে আমরা ছয় দিন ক্লাস নেওয়ার বিষয়টি ভাবছি। তবে পুরোপুরি অনলাইনে পাঠদান করলে শিক্ষার্থীরা সামাজিকভাবে বিচ্ছিন্ন হয়ে যেতে পারে। এজন্য আমরা সব বিষয় বিবেচনা করে সিদ্ধান্ত নেব।” তিনি যোগ করেন, “এ বিষয়ে আলোচনার পর প্রস্তাবনা ক্যাবিনেটে উপস্থাপন করা হবে, এবং সেখান থেকে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।” জ্বালানি সাশ্রয় বিষয়ক বৈঠকে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ, প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।














