‘প্রাপ্তির জন্য নয়, নেশা থেকেই গান করতে হবে’—জেমস
- আপডেট সময় : ০৩:০০:২৭ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬ ১৭ বার পঠিত

দেশের রকসংগীতের জনপ্রিয় মুখ জেমস। দীর্ঘ সংগীতজীবনে ব্যান্ড ‘নগরবাউল’-এর মাধ্যমে তিনি তৈরি করেছেন নিজের আলাদা পরিচয়। কয়েক দশক ধরে মঞ্চে নিয়মিত পারফর্ম করে এখনো শ্রোতাদের মাতিয়ে রাখছেন এই শিল্পী।
দীর্ঘ ইউরোপ সফরের অংশ হিসেবে বর্তমানে সুইডেনে অবস্থান করছেন জেমস। এর আগে পর্তুগাল, ইংল্যান্ড, সাইপ্রাস ও ইতালিতে সংগীত পরিবেশন করেছেন তিনি। আগামী ৬ সেপ্টেম্বর সুইডেনে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের জন্য আয়োজিত কনসার্টে গান গাইবেন এই তারকা।
কনসার্টকে সামনে রেখে আয়োজিত সংবাদ সম্মেলনে নিজের সংগীতজীবন ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কথা বলেন জেমস। সেখানে তিনি জানান, জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত গানকে সঙ্গী করেই থাকতে চান। একই সঙ্গে নতুন প্রজন্মের শিল্পীদের উদ্দেশে সংগীতচর্চার ক্ষেত্রে নিজের অভিজ্ঞতা থেকে গুরুত্বপূর্ণ পরামর্শও দেন।
চট্টগ্রামে আশির দশকের শুরুতে ‘ফিলিংস’ ব্যান্ডের গিটারিস্ট ও ভোকাল হিসেবে সংগীতজগতে পা রাখেন জেমস। ১৯৮৭ সালে প্রকাশিত হয় ব্যান্ডটির প্রথম অ্যালবাম ‘স্টেশন রোড’। এরপর ধীরে ধীরে তার গান ও পরিবেশনা কয়েক প্রজন্মের শ্রোতার কাছে জনপ্রিয় হয়ে ওঠে।
দীর্ঘ সময় ধরে মঞ্চে থাকার অভিজ্ঞতা নিয়ে জেমস বলেন, প্রতিবার মঞ্চে উঠলে তার মনে হয় সামনে থাকা শ্রোতারা যেন সেই আগের শ্রোতারাই। সময়ের সঙ্গে প্রজন্ম বদলে গেলেও বিষয়টি তিনি সেভাবে উপলব্ধি করেননি। তবে এখন মনে হয়, তার গান একাধিক প্রজন্মের মানুষের কাছে পৌঁছেছে।
জেমসের কাছে সংগীত কোনো অর্জন বা সাফল্য পাওয়ার মাধ্যম নয়। ভালোবাসা, আবেগ ও নিজের তাগিদ থেকেই তিনি গান করে এসেছেন। নতুন শিল্পীদেরও তিনি সংগীতে আসার আগে নিজেদের উদ্দেশ্য সম্পর্কে পরিষ্কার থাকার পরামর্শ দিয়েছেন।
তার ভাষায়, সংগীতের মাধ্যমে কিছু পাওয়ার প্রত্যাশা নিয়ে গান করা উচিত নয়। বরং নিজের আনন্দ ও ভালো লাগা থেকেই গান করতে হবে। সংগীত থেকে কোনো অর্জন বা সাফল্য এলে সেটি হবে বাড়তি পাওয়া। এমনকি জীবনে কোনো স্বীকৃতি বা প্রাপ্তি না এলেও তিনি গান করে যেতেন বলে জানান।
ভবিষ্যৎ নিয়েও জেমসের পরিকল্পনা খুব সরল—গান চালিয়ে যাওয়া। তার মতে, শেষ দিন পর্যন্ত তিনি গান গাইতে চান। এমনকি কোনো কনসার্টে যদি শেষ পর্যন্ত মাত্র একজন শ্রোতাও উপস্থিত থাকেন, সেই একজনের জন্যও তিনি গান পরিবেশন করবেন।
সুইডেনের অনুষ্ঠানটির মধ্য দিয়ে শেষ হচ্ছে জেমসের এবারের দীর্ঘ ইউরোপ সফর। এরপর তিনি অস্ট্রেলিয়ার উদ্দেশে রওনা দেবেন। আগামী ১২ সেপ্টেম্বর নিউ সাউথ ওয়েলসে আয়োজিত একটি বিশেষ কনসার্টে জেমসের সঙ্গে একই মঞ্চে সংগীত পরিবেশন করবেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় ‘ফসিলস’ ব্যান্ডের গায়ক রূপম ইসলাম।



















