সোহরাওয়ার্দী হাসপাতালে শিশু চোর সন্দেহে একজনকে পিটিয়ে হত্যা
- আপডেট সময় : ০৩:২৫:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬ ২৪ বার পঠিত

রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে শিশু চোর সন্দেহে একজনকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।
নিহত ব্যক্তি নাম আলম শেখ (৪১)। তিনি মানসিক ভারসাম্যাহীন বলে দাবি করেছে পরিবার। এ বুধবার (২১ অক্টোবর) রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে বলে জানান ডিএমপির তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) ইবনে মিজান।
তিনি বলেন, নিহত আলম শেখের পরিবারের সঙ্গে যোগাযোগ করেছে পুলিশ। পরিবার বলেছে তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন। ঘটনার যে মূলহোতা তাকে আমরা আটক করেছি। নিহতের পরিবারের লোকজনকে খবর দেওয়া হয়েছে, তারা এলে মামলা হবে। ঘটনায় একজনকে আটক করা হয়েছে। তার নাম-পরিচয় জানাতে পারেনি পুলিশ। ঘটনার বিষয়ে পুলিশ বলছে, রাত ১১টার দিকে আলম শেখ শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের শিশু ওয়ার্ডের সামনে ঘোরাঘুরি করছিলেন। এ সময় হাসপাতালে চিকিৎসাধীন শিশুদের স্বজনরা তাকে শিশু চোর বলে সন্দেহ করেন।
শিশুদের স্বজনরা আলম শেখের কাছে হাসপাতালে আসার কারণ জানতে চাইলে কোনো সদুত্তর দিতে পারেননি বলে জানা গেছে। তখন একদল মানুষ সন্দেহভাজন আলম শেখকে টেনেহিঁচড়ে হাসপাতালের নিচে নামিয়ে বেধড়ক মারধর করতে থাকেন, এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ডিসি ইবনে মিজান বলেন, ঘটনার পর জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে খবর পেয়ে পুলিশ গিয়ে তার মরদেহ উদ্ধার করে। পরে আঙুলের ছাপ মিলিয়ে আলম শেখের পরিচয় নিশ্চিত হয় পুলিশ। নিহত আলম শেখ রাজধানীর রূপনগরের এলাকার বাসিন্দা।




















