ঢাকার দুই সিটিতে প্রার্থী বদলাচ্ছে এনসিপি, উত্তরে আসিফ ও দক্ষিণে পাটওয়ারী
- আপডেট সময় : ১১:৩৯:৪৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬ ১৭ বার পঠিত

আসন্ন ঢাকা উত্তর ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচন সামনে রেখে মেয়র পদে প্রার্থী নিয়ে নতুন সিদ্ধান্তে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। আগের ঘোষিত প্রার্থী তালিকায় পরিবর্তন এনে ঢাকা উত্তর সিটি করপোরেশনে দলের মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং ঢাকা দক্ষিণে মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীকে প্রার্থী করার বিষয়ে নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছে দলটি। আগামী দুই থেকে তিন দিনের মধ্যে সংবাদ সম্মেলনের মাধ্যমে এ সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে জানানো হতে পারে।
দলীয় সূত্রের তথ্য অনুযায়ী, সম্ভাব্য প্রার্থী পরিবর্তনের প্রস্তুতি হিসেবে দুই নেতাই ইতোমধ্যে সংশ্লিষ্ট নির্বাচনি এলাকার ভোটার হওয়ার প্রক্রিয়া সম্পন্ন করেছেন। নির্বাচন কমিশনের নির্ধারিত ফরম-১৩ ব্যবহার করে তাঁরা ভোটার এলাকা পরিবর্তনের আবেদন করেন। এর পরিপ্রেক্ষিতে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ভোটার তালিকা থেকে স্থানান্তরিত হয়ে উত্তর সিটির ৩৭ নম্বর ওয়ার্ড, আফতাবনগরের ভোটার হয়েছেন। অন্যদিকে নাসীরুদ্দীন পাটওয়ারী ঢাকা উত্তর সিটির উত্তরা এলাকা থেকে ভোটার এলাকা পরিবর্তন করে দক্ষিণ সিটির ২১ নম্বর ওয়ার্ডের ভোটার হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন।
এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার ও মনিরা শারমিন জানিয়েছেন, প্রার্থী পরিবর্তন নিয়ে দলের শীর্ষ পর্যায়ে আলোচনা শেষ হয়েছে। বিষয়টি খুব শিগগিরই সংবাদ সম্মেলন বা প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে প্রকাশ্যে আনা হবে।
দলের যুগ্ম সদস্যসচিব আলাউদ্দীন মোহাম্মদ বলেন, রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তন এবং সময়ের প্রয়োজন বিবেচনায় নিয়ে প্রাথমিকভাবে ঘোষিত প্রার্থী তালিকায় সমন্বয় করা হচ্ছে। তফসিল ঘোষণা এবং চূড়ান্ত মনোনয়ন জমা দেওয়ার আগে রাজনৈতিক কৌশলের অংশ হিসেবে প্রার্থী পরিবর্তনের সুযোগ রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
তিনি আরও বলেন, এনসিপির কর্মকাণ্ড শুধুমাত্র নির্বাচনে অংশ নেওয়ার মধ্যেই সীমাবদ্ধ নয়। নির্বাচনী কার্যক্রমকে কাজে লাগিয়ে দেশের বিভিন্ন এলাকার তৃণমূল পর্যায়ে দলীয় সংগঠনকে আরও সক্রিয় করা এবং নেতাকর্মীদের মধ্যে সাংগঠনিক শক্তি বাড়ানোও দলের অন্যতম উদ্দেশ্য।
এর আগে ২৯ মার্চ এনসিপির কেন্দ্রীয় আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম এক সংবাদ সম্মেলনে পাঁচটি সিটি করপোরেশনের জন্য দলের মেয়র প্রার্থীদের নাম ঘোষণা করেন। তখন ঢাকা উত্তর সিটির জন্য দলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব এবং ঢাকা দক্ষিণ সিটির জন্য আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার নাম দেওয়া হয়েছিল।
তবে প্রায় ছয় মাস পর সেই সিদ্ধান্তে পরিবর্তন আনতে যাচ্ছে এনসিপি। নতুন পরিকল্পনা অনুযায়ী, রাজধানীর দুই সিটিতে দলের গুরুত্বপূর্ণ দুই নেতা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও নাসীরুদ্দীন পাটওয়ারীকে সামনে রেখে নির্বাচনী কৌশল সাজানো হচ্ছে।























