ডিএমপি কমিশনারের দায়িত্ব অব্যাহতির আবেদন
- আপডেট সময় : ০২:৩৮:৫৮ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬ ৯৮ বার পঠিত

বাংলাদেশ কন্ঠ ।। বুধবার ।। ২৫.০২.২০২৬ ।।
ব্যক্তিগত ও পারিবারিক কারণ উল্লেখ করে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)-এর কমিশনার শেখ মো. সাজ্জাত আলী দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে তিনি আনুষ্ঠানিকভাবে অব্যাহতির আবেদনপত্রে স্বাক্ষর করে তা পুলিশ সদরদপ্তরে পাঠান।
সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি জানান, ব্যক্তিগত ও পারিবারিক প্রয়োজনের কারণেই এ সিদ্ধান্ত গ্রহণ করেছেন। উল্লেখ্য, আগামী ২১ নভেম্বর তার চুক্তির মেয়াদ শেষ হওয়ার কথা থাকলেও নির্ধারিত সময়ের প্রায় নয় মাস আগেই তিনি পদত্যাগের আবেদন জমা দিলেন।
এর আগে ১৫ ফেব্রুয়ারি পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলমও পদত্যাগপত্র দাখিল করেন। ফলে আইনশৃঙ্খলা বাহিনীর শীর্ষ পর্যায়ে ধারাবাহিক পরিবর্তন নিয়ে প্রশাসনিক অঙ্গনে আলোচনা সৃষ্টি হয়েছে।
ডিএমপি কমিশনারের পদ থেকে শেখ মো. সাজ্জাত আলীর সরে দাঁড়ানোর প্রেক্ষিতে সংস্থাটির নেতৃত্বে নতুন নিয়োগ আসতে পারে বলে সংশ্লিষ্টরা মনে করছেন। তার পাঠানো আবেদন বর্তমানে পুলিশ সদরদপ্তরে যাচাই-বাছাই প্রক্রিয়ায় রয়েছে। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন মিললে তা কার্যকর হবে।
রাজধানীর আইনশৃঙ্খলা রক্ষা ও জননিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে ডিএমপি কমিশনারের পদ অত্যন্ত গুরুত্বপূর্ণ হওয়ায় শূন্য পদে দ্রুত নিয়োগ দেওয়ার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে। সরকারি সূত্র জানিয়েছে, প্রচলিত বিধি অনুসরণ করেই যোগ্য কর্মকর্তাদের মধ্য থেকে শূন্য পদগুলো পূরণ করা হবে।





















