ট্রাম্প সরকারের সঙ্গে চুক্তি দেশের জন্য একেবারে নেতিবাচক হবে না— বাণিজ্যমন্ত্রী
- আপডেট সময় : ০২:২৬:৫১ অপরাহ্ন, বুধবার, ৪ মার্চ ২০২৬ ৮৫ বার পঠিত

বাংলাদেশ কন্ঠ ।। বুধবার ।। ০৪.০৩.২০২৬ ।।
বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির জানিয়েছেন, ট্রাম্প প্রশাসনের সঙ্গে স্বাক্ষরিত বাণিজ্য চুক্তিকে তিনি একপাক্ষিকভাবে নেতিবাচক হিসেবে দেখছেন না। তাঁর মতে, চুক্তির বিভিন্ন শর্ত ভবিষ্যতে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যকার বাণিজ্য সম্প্রসারণে সহায়ক হতে পারে।
বুধবার (৪ মার্চ) সচিবালয়ে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুরের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন। মন্ত্রী বলেন, চুক্তির প্রতিটি ধারা পর্যালোচনা করা হবে। কোথাও অসঙ্গতি বা দেশের স্বার্থবিরোধী কোনো বিষয় থাকলে তা সরকারকে অবহিত করা হবে। প্রয়োজন হলে সংশ্লিষ্ট ধারাগুলো নিয়ে আলোচনার মাধ্যমে সমাধানের সুযোগও রয়েছে বলে তিনি উল্লেখ করেন। বৈঠকে পল কাপুর নতুন সরকারকে শুভেচ্ছা জানান এবং দুই দেশের সহযোগিতা আরও জোরদারের আগ্রহ প্রকাশ করেন। বাণিজ্যমন্ত্রীর ভাষ্য অনুযায়ী, মার্কিন প্রশাসন নতুন সরকারের সঙ্গে সমন্বয় করে কাজ করতে চায়। তিনি আরও জানান, যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বিনিয়োগের ক্ষেত্রে বিদ্যমান নন-ট্যারিফ বাধা অপসারণের আহ্বান জানানো হয়েছে। তবে এদিনের বৈঠকে বাণিজ্য চুক্তির নির্দিষ্ট বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়নি বলে তিনি স্পষ্ট করেন।





















