জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নের কাজ এক মাসের মধ্যে শুরু হয়েছে
- আপডেট সময় : ০২:৪০:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬ ১২৬ বার পঠিত

বাংলাদেশ কন্ঠ ।। মঙ্গলবার ।। ১০ মার্চ ২০২৬ ।।
ঢাকা, ১০ মার্চ: প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, তার সরকার জনগণের সরাসরি ভোটের মাধ্যমে গঠিত এবং জনগণের কাছে জবাবদিহি করতে প্রতিশ্রুতিবদ্ধ। নির্বাচনী ইশতেহারের অঙ্গ হিসেবে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণের কাজ এক মাসেরও কম সময়ের মধ্যে শুরু হয়েছে। তিনি উল্লেখ করেন, বিশ্ববাজারের প্রভাবের কারণে কিছু বিলম্ব হয়েছে, তবে দেশের মানুষের জন্য দেওয়া প্রতিশ্রুতির বাস্তবায়ন অব্যাহত থাকবে।মঙ্গলবার রাজধানীর বনানীতে, কড়াইল বস্তির নিকটস্থ টিঅ্যান্ডটি খেলার মাঠে আয়োজিত ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। অনুষ্ঠানে তিনি ১৭টি পরিবারের নারী প্রধানের হাতে কার্ডের রেপ্লিকা তুলে দেন। তারেক রহমান বলেন, “আমরা এমন একটি সরকার হিসেবে কাজ করতে চাই, যা দায়িত্বশীল ও জনগণের স্বার্থে নিবেদিত। নির্বাচনের আগে আমরা ফ্যামিলি কার্ড কার্যক্রম শুরু করার প্রতিশ্রুতি দিয়েছিলাম। জনগণের সমর্থনে সরকার গঠনের এক মাসেরও কম সময়ে আমরা সেই প্রতিশ্রুতির বাস্তবায়ন শুরু করেছি।” তিনি আরও জানান, আগামী মাসে কৃষকদের জন্য কৃষি কার্ড বিতরণ করা হবে। একইসাথে, নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী সম্প্রতি ১০ হাজার টাকার কৃষি ঋণ মওকুফ করা হয়েছে। প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন, সরকার যেকোনো মূল্যে প্রতিশ্রুতিগুলো পূর্ণ করবে। অনুষ্ঠানে মন্ত্রিসভার সদস্য, বিভিন্ন দেশের কূটনীতিক, জাতীয় ও আন্তর্জাতিক উন্নয়ন সহযোগী সংস্থার প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার নাগরিক উপস্থিত ছিলেন। শুরুর পর্যায়ে দেশের ১৩টি জেলার ১৫টি ওয়ার্ডে এই কার্যক্রম বাস্তবায়িত হবে। সংশ্লিষ্ট উপজেলা ও জেলা পর্যায়ে তথ্য সংগ্রহ, যাচাই-বাছাই এবং তালিকা চূড়ান্ত করতে সরকারি দপ্তরের প্রতিনিধিদের সমন্বয়ে কমিটি গঠন করা হয়েছে।














