ঢাকা-৮ আসনে ভোটপুনরায় গণনার দাবি জানিয়ে এবং আব্বাসের শপথ গ্রহণ স্থগিত রাখার আবেদনঃ পাটওয়ারী।
- আপডেট সময় : ০২:৫৩:১৩ অপরাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬ ১১৫ বার পঠিত

বাংলাদেশ কন্ঠ ।। রবিবার ।। ১৫.০২.২০২৬ ।।
ঢাকা-৮ আসনের নির্বাচনে অনিয়মের অভিযোগ এনে বিএনপি প্রার্থী মির্জা আব্বাস–এর শপথ গ্রহণ স্থগিত রাখার অনুরোধ জানিয়েছেন নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন–এর কাছে লিখিত আবেদন জমা দিয়েছেন। ১১ দলীয় নির্বাচনি জোটের প্রার্থী হিসেবে শাপলা কলি প্রতীকে তিনি এই আসনে প্রতিদ্বন্দ্বিতা করেন।
রোববার (১৫ ফেব্রুয়ারি) তার পক্ষে আবেদনপত্রটি নির্বাচন কমিশনে জমা দেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতা কাজী ফখরুল ইসলাম। আবেদনে ১১ দফা অভিযোগে ১২টি কেন্দ্রের বিভিন্ন অনিয়মের বিবরণ তুলে ধরা হয়। লিখিত অভিযোগে পাটওয়ারী দাবি করেন, ধানের শীষ প্রতীকের প্রার্থী মির্জা আব্বাস উদ্দিন আহমেদ, তার সমর্থক, এজেন্ট ও পরিবারের সদস্যদের মাধ্যমে ভোট কারচুপি, প্রভাব খাটানো, ফল প্রকাশে বিলম্ব, বাতিল ভোট গণনায় অন্তর্ভুক্ত করা—এসব অনিয়ম সংঘটিত হয়েছে। তিনি আরও অভিযোগ করেন, সংশ্লিষ্ট কেন্দ্রের প্রিসাইডিং ও রিটার্নিং কর্মকর্তারাও এসব অনিয়মে জড়িয়ে পড়েন। তার ভাষ্য অনুযায়ী, কারচুপির মাধ্যমে তাকে বিজয়ী ঘোষণা না করে প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে জয়ী ঘোষণা করা হয়েছে। এ অবস্থায় তিনি নির্বাচন কমিশনের কাছে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানান। পাশাপাশি ফলাফল পুনর্গণনা করে চূড়ান্ত ঘোষণা দেওয়ার আগে পর্যন্ত শপথ অনুষ্ঠান বন্ধ রাখার আবেদন করেন।





















