নিজস্ব প্রতিনিধি:
রপ্তানি আয় দিয়ে আমদানি ব্যয় মেটানো যাচ্ছে না। আশানুরূপ রেমিট্যান্স আসছে না। ফলে দেশের বাজারে বৈদেশিক মুদ্রার সংকট চরম আকার ধারণ করেছে। এটি মোকাবেলায় কেন্দ্রীয় ব্যাংক বৈদেশিক মুদ্রার রিজার্ভ থেকে প্রচুর ডলার বিক্রি করছে। চলতি ২০২৩-২৪ অর্থবছরের প্রথম ছয় মাসে (জুলাই-ডিসেম্বর) কেন্দ্রীয় ব্যাংক ৬৭০ কোটি (৬ দশমিক ৭ বিলিয়ন) ডলার বিক্রি করেছে। একই সময়ে কয়েকটি বাণিজ্যিক ব্যাংক থেকে প্রায় এক বিলিয়ন ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক।
বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট বিভাগ এ তথ্য নিশ্চিত করেছে।
বাংলাদেশ ব্যাংক জ্বালানি, সার ও খাদ্য আমদানির জন্য সরকারের কাছে রিজার্ভ থেকে ডলার বিক্রি করেছে। কিন্তু এখন আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ঋণের শর্ত পূরণে ডলার কিনে বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়াচ্ছে বাংলাদেশ ব্যাংক। যদিও বাজারে এখনো ডলারের সংকট চলছে। ব্যাংকগুলো ডলার বিক্রি করার মতো অবস্থায় নেই। তবে কিছু ব্যাংক উচ্চমূল্যে বৈদেশিক মুদ্রা ডলার কিনে কেন্দ্রীয় ব্যাংকের কাছে কম দামে বিক্রি করতে বাধ্য হচ্ছে। এতে কেন্দ্রীয় ব্যাংকে বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়ছে।
ব্যাংকগুলো এখন প্রবাসী ও রপ্তানি আয়ের ডলার কিনছে ১০৯ টাকা ৫০ পয়সায়। আর আমদানিকারকদের কাছে বিক্রির ক্ষেত্রে ডলারের সরকারি মূল্য ১১০ টাকা। তবে বেশির ভাগ ব্যাংকই ডলার বিক্রির জন্য ১১০ টাকার বেশি চার্জ নিচ্ছে। সরকারি-বেসরকারি ব্যাংকগুলো তাদের নিজস্ব প্রবাসী আয়ে ২.৫ শতাংশ প্রণোদনা দিয়ে প্রতি ডলার ১১২ টাকায় কিনছে। কোনো কোনো ব্যাংক প্রবাসী আয় ১২৩ টাকা দরেও কিনে নেয়। তারা চড়া দামে কেনা ডলার কম দামে বাংলাদেশ ব্যাংকের কাছে বিক্রি করেছে।
৩০ নভেম্বর কেন্দ্রীয় ব্যাংকে মোট রিজার্ভ ছিল ২৫.০২ বিলিয়ন ডলার, যা আইএমএফ-এর অ্যাকাউন্টিং সিস্টেম বিপিএম ৬ অনুসারে ১৯.৪০ বিলিয়ন ডলার। তবে, ২৮ ডিসেম্বর, রিজার্ভ বেড়ে ২৭.০৪ বিলিয়ন ডলার হয়েছে, যা বিপিএম ৬ অনুযায়ী ২১.৬৬ বিলিয়ন ডলার। আইএমএফের ঋণের কিস্তি এবং এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) বাজেট সহায়তা এবং বিভিন্ন প্রকল্পের বিতরণের কারণে রিজার্ভ বেড়েছে। তবে নভেম্বর-ডিসেম্বর দুই মাসের বিল জানুয়ারির প্রথম সপ্তাহে পরিশোধ করতে হবে। এতে আবার রিজার্ভ কমে যাবে।