নিজস্ব প্রতিনিধি:
বলিউড অভিনেত্রী টুইঙ্কেল খান্না। অভিনেত্রী ৪৮ বছর বয়সে স্নাতকে ভর্তি হবার খবর ঘোষণা করেছিলেন। আর ৫০ বছর বয়সে ডিগ্রীর সার্টিফিকেট হাতে পেলেন অক্ষয় কুমারের ঘরণী। প্রিয় মানুষের এমন প্রাপ্তিতে গর্বিত অক্ষয়।
টুইঙ্কল লন্ডন ইউনিভার্সিটি থেকে ফিকশন রাইটিংয়ে স্নাতক ডিগ্রি লাভ করেছেন। মঙ্গলবার (১৬ জানুয়ারি) ছিল সমাবর্তন। স্ত্রীর হাত ধরে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অক্ষয়। আর স্ত্রীর সাফল্যে গর্বিত অক্ষয় আগঘন একটি পোস্টও দিয়েছেন ইনস্টাগ্রামে। যা এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।
সমাবর্তনে তোলা একটি ছবি পোস্ট করেছেন অক্ষয়। ক্যাপশনে লিখেছেন, দুই বছর আগে যখন তুমি আমাকে বলেছিলে আবারো পড়াশোনা শুরু করতে চাও, আমি অবাক হয়েছিলাম, বুঝতে পারিনি ঠিক কী বলছো! কিন্তু আমি দেখলাম তুমি অনেক পরিশ্রম করছো। সংসার, ক্যারিয়ার, আমাকে এবং সন্তানদের খেয়াল রাখার পাশাপাশি পুরোদস্তুর ছাত্র জীবনে ফিরেছো। আমি জানি, আমি একজন সুপার উইমেন বা অতি প্রাকৃতিক ক্ষমতাধর নারীকে বিয়ে করেছি। আজ তোমার গ্র্যাজুয়েশনের দিন। আমিও যদি আরেকটু পড়াশোনা করতাম তাহলে হয়তো সেই শব্দগুলো খুঁজে বের করতে পারতাম, যা বুঝিয়ে দিত তোমাকে নিয়ে আমি কতটা গর্বিত, টিনা। অভিনন্দন, আমার ভালোবাসা।’
স্ত্রীকে নিয়ে অক্ষয়ের এই পোস্ট ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ভূয়সী প্রশংসা করছেন নেটিজেনরা। এটি টুইঙ্কল খান্নারও নজর এড়িয়ে যায়নি। কমেন্ট বক্সে নিজের অনুভূতিও প্রকাশ করেছেন তিনি।
টুইঙ্কেল খান্না লিখেছেন, ‘আমি ভাগ্যবতী। কারণ আমি এমন একজনকে জীবনসঙ্গী হিসেবে পেয়েছি যে, আমাকে উৎসাহিত করে, পড়ে গেলেও আমাকে তুলে আনে। আর আমি অনেকবার পড়ে যেতে চাই, তাই না? আগামীকাল (১৭ জানুয়ারি) ২৩ বছর পূর্ণ হবে।’
অক্ষয়-টুইঙ্কেল ২০০১ সালের ১৭ জানুয়ারী বিবাহ বন্ধনে আবদ্ধ হন। আজ তাদের বিয়ের ২৩ বছর পূর্ণ হয়েছে।