নিজস্ব প্রতিনিধি:
ভারত থেকে ১ কোটি লিটার সয়াবিন তেল কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। প্রতি লিটার সয়াবিন তেলের দাম পড়বে প্রায় ১৫৫ টাকা। ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে এই তেল বিক্রির জন্য কেনা হবে।
পাবলিক প্রকিউরমেন্ট সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি ভারতের গ্রীন নেশন বিল্ডার্স অ্যান্ড ডেভেলপারদের কাছ থেকে সয়াবিন তেল কেনার অনুমোদন দিয়েছে।
বুধবার (২২ নভেম্বর) অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। বৈঠক শেষে বৈঠকের সিদ্ধান্ত ঘোষণা করেন মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব সৈয়দ মাহবুব খান।
তিনি বলেন, বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) একটি আন্তর্জাতিক উন্মুক্ত টেন্ডার প্রক্রিয়ায় ভারতের গ্রীন নেশন বিল্ডার্স অ্যান্ড ডেভেলপারদের কাছ থেকে এক কোটি লিটার সয়াবিন তেল কেনার প্রস্তাব করেছে। এতে মোট ব্যয় হবে ১৪৩ কোটি ১৮ লাখ ৫৯ হাজার টাকা। প্রতি লিটারের দাম পড়বে ১৫৪ টাকা ৬০ পয়সা।
এর আগে গত ১৫ নভেম্বর অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে ৩৪৪ কোটি ৮৬ লাখ ৪০ হাজার টাকায় সয়াবিন তেল ও মসুর ডাল কেনার অনুমোদন দেওয়া হয় টিসিবিকে। এর মধ্যে তেলের মূল্য ৭৭ কোটি ১৪ লাখ ৫০ টাকা এবং মসুর ডাল ২৬৭ কোটি ৭১ লাখ ৯০ হাজার টাকা।
টিসিবি কর্তৃক ২০২৩-২৪ অর্থবছরে স্থানীয়ভাবে উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে ৬ হাজার মেট্রিক টন মসুর ডাল এমএস রয় ট্রেডার্স’র নিকট থেকে ৬০ কোটি ৫৯ লাখ ৪০ হাজার টাকায় কেনার অনুমোদন দেওয়া হয়।
বাণিজ্য মন্ত্রণালয়ের আরেকটি প্রস্তাবের পরিপ্রেক্ষিতে ২০২৩-২৪ অর্থবছরে সিটি এডিবল অয়েল লিমিটেডের কাছ থেকে ৭৭ কোটি ১৪ লাখ ৫০ হাজার টাকায় ৫০ লাখ লিটার সয়াবিন তেল কেনার প্রস্তাব অনুমোদন করেছে টিসিবি।