বাংলাদেশ কন্ঠ ।। রবিবার ।। ০৮.০৩.২০২৬ ।।
স্টার হোটেলের কর্মচারীদের ‘সন্ত্রাসী আচরণ’: গ্রেফতার ও শাস্তি দাবি আরশ খানের
জনপ্রিয় অভিনেতা আরশ খান সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি উদ্বেগজনক ভিডিও প্রকাশ করেছেন, যেখানে দেখা গেছে স্টার হোটেলের কয়েকজন কর্মচারী একজন গ্রাহকের উপর চেয়ার, প্লেট এবং কাঁচের গ্লাস দিয়ে হামলা চালাচ্ছে। ভিডিওটি শেয়ার করে আরশ খান লিখেছেন, “যদি গ্রাহকের কোনো ভুল থাকে, তাকে আটক করে পুলিশের হাতে হস্তান্তর করা যেত। এ ধরনের সন্ত্রাসী আচরণ মোটেই গ্রহণযোগ্য নয়।” তিনি আরও উল্লেখ করেন, স্টার হোটেলের সার্ভিসের মান প্রায়শই গ্রাহকদের জন্য হতাশাজনক হয়। কর্মচারীদের চোখ-মুখে ক্রমাগত বিরক্তির ছাপ থাকে এবং বড় অর্ডার বা পরিচিত গ্রাহক না হলে খাবারের মানও কমে যায়। আরশ খান বলেন, “গ্রাহকরা নিজের অর্থ দিয়ে খাবার খেতে আসে। তারা হোটেলের মালিকের অর্থ খরচ করতে আসে না। ভিডিওতে দেখা স্টাফদের যদি পুলিশের কাছে হস্তান্তর করা না হয়, তাহলে আমাদের উচিত স্টার হোটেল থেকে ভবিষ্যতে খাবার না নেওয়া। যদি গ্রাহকের কোনো দোষ থাকে, সেটি প্রমাণসহ পুলিশকে জানানো উচিত।” ভিডিওটি প্রকাশের পর থেকে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোচনা শুরু হয়েছে। ব্যবহারকারীরা দ্রুত হোটেলের কর্তৃপক্ষের পদক্ষেপ গ্রহণের দাবি তুলেছেন।