
দেশের সম্ভাবনাময় স্টার্টআপ উদ্যোক্তাদের আর্থিক সহায়তা দিতে ৫০০ কোটি টাকার বিশেষ তহবিল গঠন করেছে সরকার। এই তহবিল থেকে প্রকল্পের ধরন, সম্ভাবনা ও প্রয়োজন অনুযায়ী একজন উদ্যোক্তা সর্বনিম্ন ৫ লাখ টাকা থেকে সর্বোচ্চ ৫ কোটি টাকা পর্যন্ত অর্থায়নের সুযোগ পাবেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
মঙ্গলবার (১৪ জুলাই) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে আয়োজিত ‘তারুণ্য, স্টার্টআপ ও সম্ভাবনার বাংলাদেশ’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ (আইসিটি বিভাগ) এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে অনুষ্ঠানের আয়োজন করা হয়। একই অনুষ্ঠানে জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্মেরও উদ্বোধন করা হয়।
প্রধানমন্ত্রী বলেন, অনেক মেধাবী উদ্যোক্তা ব্যাংক থেকে ঋণ নিতে গিয়ে জামানত ও প্রয়োজনীয় কাগজপত্রের জটিলতায় পড়েন। সেই সীমাবদ্ধতা দূর করতেই সরকার বিকল্প অর্থায়নের ব্যবস্থা করেছে। তিনি জানান, নতুন তহবিল থেকে সহায়তা প্রদানের ক্ষেত্রে উদ্যোক্তার প্রকল্পের সম্ভাবনা ও বাস্তবতা যাচাই করা হবে।
তিনি আরও বলেন, অর্থায়নের সিদ্ধান্ত নেওয়ার জন্য একটি স্বাধীন ও নিরপেক্ষ কমিটি দায়িত্ব পালন করবে। ওই কমিটিতে কোনো মন্ত্রী বা সরকারি উপদেষ্টা থাকবেন না। শুধুমাত্র প্রকল্পের গুণগত মান, সম্ভাবনা এবং বাস্তবায়নযোগ্যতার ভিত্তিতেই অর্থ সহায়তার সিদ্ধান্ত গ্রহণ করা হবে।
অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী নুসরাত জাহান জামানত ছাড়াই উদ্যোক্তাদের অর্থায়ন সহজ করার বিষয়ে জানতে চাইলে প্রধানমন্ত্রী বলেন, প্রকল্পের সম্ভাবনা যথাযথভাবে মূল্যায়নের পরই সংশ্লিষ্ট কমিটি প্রয়োজনীয় সহায়তা অনুমোদন করবে।
সরকারি অর্থ ব্যবহারে জবাবদিহির বিষয়েও গুরুত্বারোপ করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, জনগণের অর্থ অত্যন্ত দায়িত্বশীলতার সঙ্গে ব্যয় করতে হবে। তবে কোনো উদ্যোগ প্রথম ধাপে প্রত্যাশিত ফল না দিলেও যদি ভবিষ্যৎ সম্ভাবনা স্পষ্ট থাকে, তাহলে দ্বিতীয় দফায় অর্থায়নের বিষয়টিও বিবেচনায় আনা হবে।
এদিন উদ্বোধন করা জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্ম উদ্যোক্তাদের জন্য একটি সমন্বিত ডিজিটাল সেবা কেন্দ্র হিসেবে কাজ করবে। এই প্ল্যাটফর্মের মাধ্যমে সরকারি বিভিন্ন সহায়তা কর্মসূচি, অর্থায়নের আবেদন, প্রশিক্ষণ, মেন্টরশিপ, বিনিয়োগকারীদের সঙ্গে সংযোগ এবং অংশীদার প্রতিষ্ঠানের বিভিন্ন সেবা একই জায়গা থেকে পাওয়া যাবে।
সংশ্লিষ্টদের মতে, নতুন এই প্ল্যাটফর্ম চালু হওয়ার ফলে দেশের স্টার্টআপ খাতে সমন্বিত সহায়তা আরও সহজ হবে এবং উদ্ভাবন, গবেষণা ও প্রযুক্তিনির্ভর উদ্যোক্তা তৈরির পরিবেশ শক্তিশালী হবে।
অনুষ্ঠানে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম, প্রধানমন্ত্রীর ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিবিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের ভারপ্রাপ্ত সচিব মো. মামুনুর রশীদ ভূঞা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. মো. মোর্শেদ হাসান খান উপস্থিত ছিলেন।
আইসিটি বিভাগ জানিয়েছে, প্রযুক্তিনির্ভর কর্মসংস্থান সৃষ্টি, উদ্ভাবনী উদ্যোগে বিনিয়োগ বৃদ্ধি এবং জ্ঞানভিত্তিক অর্থনীতি গড়ে তোলার লক্ষ্যে সরকারের এই ৫০০ কোটি টাকার স্টার্টআপ তহবিল গঠন করা হয়েছে। এর মাধ্যমে নতুন উদ্যোক্তাদের বিকাশে দীর্ঘমেয়াদি সহায়তা নিশ্চিত করার পরিকল্পনা নেওয়া হয়েছে।