নিজস্ব প্রতিনিধি:
গত ২৯ জুন মুক্তি পায় আফরান নিশো অভিনীত সিনেমা ‘সুড়ঙ্গ’। রায়হান রাফি প্রযোজিত এই সিনেমাটি দর্শকদের মধ্যে দারুণ সাড়া ফেলেছে। প্রেক্ষাগৃহ থেকে মোবাইল ফোনে ধারণ করা সিনেমার কিছু ভিডিও ক্লিপ ছড়িয়ে পড়েছে নেটদুনিয়ায়। আবার সিনেমার কিছু দৃশ্যকে 'অশ্লীল' বলে মন্তব্য করেছেন কয়েকজন দর্শক।
এমন পরিস্থিতিতে সোমবার বিকেলে স্টার সিনেপ্লেক্সের মহাখালী শাখায় সাংবাদিকদের মুখোমুখি হয় 'সুড়ঙ্গ' টিম। তারা একসঙ্গে সিনেমা পাইরেসি নিয়ে কথা বলতে এসেছিল। সেখানেই প্রাসঙ্গিকভাবে অন্যান্য বিষয় উঠে আসে।
একদিকে প্রথম সিনেমা, অন্যদিকে ঈদের মতো উৎসব আর কঠিন প্রতিযোগিতা; নিশোকে জিজ্ঞাসা করা হয়েছিল যে তিনি এই কারণে চাপ অনুভব করছেন কিনা। জবাবে তিনি বলেন, ‘চাপ তো কোনও সময় ছিল না, শুটিংয়ের সময় ছিল। আর চাপটা কিসের? বয়স হয়ে গেছে চল্লিশের ওপরে। অনেক দিন ধরে কাজ করছি।’
এরই মধ্যে এক গণমাধ্যমকর্মী বলেন, ‘বয়সটা বলে দিলেন!’ তখন এলো নিশোর ইঙ্গিতপূর্ণ মন্তব্যটি। সেটা এরকম, ‘বয়স বলতে তো আমার সমস্যা নেই। আমি তো সো কল্ড ওই হিরো না যে, আমি বিয়ে করে বউয়ের কথা বলবো না, বাচ্চার কথা বলবো না।’
তবে মন্তব্যটিকে নিশো সামলে নেন এভাবে, ‘এই ধারণাগুলি অনেক আগে থেকেই ছিল যে তোমরা যারা নায়ক, তোমরা যারা নায়ক, তারা বের হয়ে জনগণের সঙ্গে দেখাসাক্ষাৎ করো না, অনেক বেশি এক্সক্লুসিভ থাকো। কিন্তু আমরা যারা ছোট পর্দায় কাজ করেছি, ভক্তরা আমাদের অনেক বেশি অনুপ্রাণিত করছে। তাদের সঙ্গে মতবিনিময় করা, সহজ হওয়া, কথা বলা, এটা আসলে ভদ্রতা, আন্তরিকতা। এটা বৈশ্বিকভাবেই হয়ে থাকে।’
পাইরেসি বা ফাঁস নিয়ে আফরান নিশো বলেন, 'কোনো সিনেমার ক্লিপ ভাইরাল হলে দায়িত্ববোধ থেকে সবার উচিত এর বিরুদ্ধে কথা বলা। কিন্তু সেই দায়িত্ববোধ কোথায়? এভাবে একটি দৃশ্য ফাঁস হলে সংশ্লিষ্টরা আরও ব্যথিত হন। কিন্তু প্রত্যেকেরই দায়িত্ববোধের জায়গা থেকে প্রতিবাদ করা উচিত। চোর যখন অপরাধ করে তখন সে মনে করে সে কখনো ধরা পড়বে না। জ্ঞাতসারে বা অজ্ঞাতসারে যারা এই কাজগুলো করছে, প্রত্যেকটা জিনিস কিন্তু খুঁজে বের করা যাবে। কখনো সময় বেশি লাগে, কখনো কম লাগে।'
'সুড়ঙ্গ' ছবিটি পরিচালনা করেছেন রায়হান রাফি। ঈদের পর থেকে দেশের ২৭টি প্রেক্ষাগৃহে চলছে ছবিটি।