নিজস্ব প্রতিনিধি:
সোমবার (২০ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের কার্যালয়ে যান ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। সেখান থেকে বেরিয়ে গণমাধ্যমের মুখোমুখি হন তিনি। এ সময় এক সাংবাদিককে লক্ষ্য করে অভিযোগের তীর ছুড়ে দেন তিনি।
ডিবি কার্যালয় থেকে বের হওয়ার পর তানজিন তিশাকে 'সাংবাদিকদের উড়িয়ে দেওয়ার' বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। এর জবাবে এই অভিনেত্রী বলেন, আমি একজন নির্দিষ্ট সাংবাদিককে বলেছি, সবাইকে নয়।
‘এক সাংবাদিকের টেক্সট ম্যাসেজ পেয়ে আমি তাকে কল করি। তার ওই ম্যাসেজটি নারী হিসেবে আমার কাছে বেশ স্পর্শকাতর লেগেছে। এই প্রশ্নটা তিনি একজন নারীকে করতে পারেন না।’
তিশা আরও বলেন, এত মানুষের সামনে তিনি (সাংবাদিক) যে প্রশ্ন করেছেন তা আমি তুলে আনতে পারব না। তবে তবে আপনারা ব্যক্তিগতভাবে দেখতে চাইলে দেখাতে পারবো।
পরে জানা যায়, ওই সাংবাদিক মাজহারুল ইসলাম তামিম। দেশের একটি বেসরকারি টিভি চ্যানেলে কাজ করছেন তিনি।
মঙ্গলবার (২১ নভেম্বর) রাজধানীর কারওয়ান বাজারের সার্ক ফোয়ারার সামনে সাংবাদিক ও গণমাধ্যমের বিরুদ্ধে অভিনেত্রী তিশার বক্তব্য ও কর্মকাণ্ডের প্রতিবাদে সারাদেশের বিনোদন সাংবাদিকরা জড়ো হন। সমাবেশে অভিনেত্রী তানজিন তিশাকে ডিবি কার্যালয়ে সাংবাদিক মাজহারুল ইসলাম তামিমের বিরুদ্ধে ওঠা অভিযোগ প্রত্যাহার ও নিঃশর্ত ক্ষমা চাওয়ার জন্য ২৪ ঘণ্টার আলটিমেটাম দেওয়া হয়।
রাজধানীর সার্ক ফোয়ারার সামনে থেকে সাংবাদিক তামিম বলেন, অভিনেত্রী তিশা গর্ভপাত করেছেন, এমন একটি কথা ছড়ায়। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেক গুজবই তো ছড়ায়।