নিজস্ব প্রতিনিধি :
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ৭ জানুয়ারির ডামি নির্বাচন জনগণ প্রত্যাখ্যান করেছে। এর বিরুদ্ধে জনগণ জেগে উঠেছে। সরকার পতনের লক্ষ্যে সবাই এখন মাঠে ও আন্দোলনে আছে। গোটা জাতি ঐক্যবদ্ধ। সবাই ঐক্যবদ্ধ হয়ে এই সরকারের পতন ঘটাবে।
মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) সকালে ফকিরাপুল এলাকায় লিফলেট বিতরণ শেষে তিনি এসব কথা বলেন। রুহুল কবির রিজভীর নেতৃত্বে ‘দেশ বাঁচাও মানুষ বাঁচাও’ লেখা সম্বলিত লিফলেট বিতরণ করা হয়। মূল্যবৃদ্ধি, খুন, ধর্ষণ, গ্যাস ও জ্বালানি সংকটের প্রতিবাদ এবং গণতন্ত্র ও মানবাধিকার পুনঃপ্রতিষ্ঠা, ভোটের অধিকারের পাশাপাশি মাতৃভূমির স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার আহ্বান জানিয়েছে বিএনপি।
রিজভী বলেন, ১৯৭২ থেকে ১৯৭৫ সালের আওয়ামী সরকারের আমলে সিরাজ সিকদারসহ জাসদ ও বিরোধী দলের ২০ হাজার নেতাকর্মীকে হত্যা করা হয়। ইলিয়াস আলী, চৌধুরী আলমসহ অনেকে নিখোঁজ হয়েছেন। আওয়ামী সরকারের অপরাধ ও হত্যার বিচার হবে আন্তর্জাতিক তদন্তের মাধ্যমে।
তিনি বলেন, শেখ হাসনিয়া বলেছেন জিয়াউর রহমানের আমলে সেনা কর্মকর্তাদের দমন করা হয়েছিল, অনেকের ফাঁসি হয়েছে। সেনাবাহিনীর বিরুদ্ধে বিদ্রোহ করলে তো সেখানে বিচার হবেই। জিয়াউর রহমান তো আইনি প্রক্রিয়ায় বিচার করেছেন, সেনা আইনে তাদের বিচার হয়েছে। আর আপনি সামরিক কর্মকর্তাদের গায়েব করে দিয়েছেন, অদৃশ্য করে দিয়েছেন। আজকে ব্রিগেডিয়ার জেনারেল আজমী কোথায়? তিনি কি গায়েব হননি। আপনার সরকারের সময় তারা গায়েব হয়েছে।