চলতি বছর সরকারি ব্যবস্থাপনায় পবিত্র হজ পালন করা ৪ হাজার ৩৪১ জন হাজির জন্য সুখবর দিয়েছে সরকার। হজ প্যাকেজের নির্ধারিত ব্যয়ের তুলনায় কিছু খাতে কম খরচ হওয়ায় সাশ্রয় হওয়া ৪ কোটি ৮৭ লাখ ২৩ হাজার ১৪ টাকা সংশ্লিষ্ট হাজিদের ফেরত দেওয়া হবে।
রোববার (৬ সেপ্টেম্বর) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ধর্মমন্ত্রী শাহ মোফাজ্জাল হোসাইন কায়েকোবাদ। তিনি বলেন, হাজিদের আবাসন ভাড়া ও সার্ভিস চার্জে ব্যয় প্রত্যাশার চেয়ে কম হওয়ায় প্যাকেজের অর্থ থেকে উল্লেখযোগ্য পরিমাণ টাকা অব্যয়িত রয়েছে। এই সাশ্রয় হওয়া অর্থ সরাসরি সংশ্লিষ্ট হাজিদের ব্যাংক হিসাবে পাঠানো হবে।
ধর্ম মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, প্রত্যেক হাজি সমপরিমাণ টাকা ফেরত পাবেন না। তারা কোন হজ প্যাকেজে ছিলেন, কোথায় অবস্থান করেছেন এবং আবাসনের ধরন বা সিট আপগ্রেড করেছিলেন কি না—এসব বিষয়ের ওপর ফেরতের পরিমাণ নির্ধারণ করা হয়েছে।
হজ প্যাকেজ-১-এর ফেরতযোগ্য অর্থ
হোটেল বুলুরা আল দুররার সাধারণ প্যাকেজের হাজিরা ৩৮ হাজার ৬৯৭ টাকা ৩২ পয়সা করে ফেরত পাবেন। একই হোটেলের শর্ট প্যাকেজের হাজিদের ফেরত দেওয়া হবে ৪৬ হাজার ৮৮৮ টাকা ৪০ পয়সা।
দুই সিটের আপগ্রেডেশন নেওয়া হাজিরা পাবেন ১ লাখ ৬৪ হাজার ১৯০ টাকা ৫৬ পয়সা। আর দুই সিটের আপগ্রেডেশনের পাশাপাশি শর্ট প্যাকেজে থাকা হাজিদের ফেরত দেওয়া হবে ১ লাখ ৮০ হাজার ৫৭২ টাকা ৭১ পয়সা।
তিন সিটের আপগ্রেডেশন নেওয়া হাজিদের ক্ষেত্রে ফেরতের পরিমাণ ১ লাখ ১৮ হাজার ৭২ টাকা ৮২ পয়সা। তিন সিটের আপগ্রেডেশনের সঙ্গে শর্ট প্যাকেজে থাকা হাজিরা পাবেন ১ লাখ ৩১ হাজার ৭৩৫ টাকা ৫৩ পয়সা।
হজ প্যাকেজ-২-এর ক্ষেত্রে
২ নম্বর বাড়ি বা হোটেল লুলুয়াত আল ভাওহীদের সাধারণ প্যাকেজের হাজিদের প্রত্যেককে ২ হাজার ৫০৫ টাকা ৪৯ পয়সা করে ফেরত দেওয়া হবে। শর্ট প্যাকেজের হাজিরা পাবেন ৮ হাজার ৭৩০ টাকা ৭০ পয়সা।
দুই সিটের আপগ্রেডেশন নেওয়া হাজিদের ফেরত দেওয়া হবে ৬২ হাজার ৩৩১ টাকা ৭৯ পয়সা। একই সঙ্গে আপগ্রেডেশন ও শর্ট প্যাকেজে থাকা হাজিরা পাবেন ৭৮ হাজার ৭১৩ টাকা ১৪ পয়সা।
অন্যদিকে, তিন সিটের আপগ্রেডেশনের হাজিদের ফেরত দেওয়া হবে ৩ হাজার ২৮৭ টাকা ৩৬ পয়সা। তিন সিটের আপগ্রেডেশনের পাশাপাশি শর্ট প্যাকেজে থাকা হাজিদের ক্ষেত্রে ফেরতের পরিমাণ ৮ হাজার ৪৩১ টাকা ৩৬ পয়সা।
৩ নম্বর বাড়ির হাজিদের ফেরত
৩ নম্বর বাড়ি বা হোটেল রাওদাত আল শুরূকে অবস্থানকারী সাধারণ প্যাকেজের হাজিরা ৩ হাজার ৯৭৯ টাকা ৮৮ পয়সা করে ফেরত পাবেন। শর্ট প্যাকেজের হাজিদের জন্য ফেরতের পরিমাণ ১২ হাজার ১৭০ টাকা ৯৫ পয়সা।
এ ছাড়া দুই সিটের আপগ্রেডেশন নেওয়া হাজিরা ৪ হাজার ৩৭৬ টাকা ৬৬ পয়সা করে ফেরত পাবেন। তিন সিটের আপগ্রেডেশন নেওয়া হাজিদের ক্ষেত্রে এই অর্থের পরিমাণ ৪৪ হাজার ১১৯ টাকা ৮৭ পয়সা।
৪ নম্বর বাড়ির হাজিদের ফেরত
৪ নম্বর বাড়ি বা হোটেল মানার আল শুরূকের সাধারণ প্যাকেজের হাজিদের প্রত্যেককে ৭ হাজার ৪১৪ টাকা ২৩ পয়সা করে ফেরত দেওয়া হবে। দুই সিটের আপগ্রেডেশন নেওয়া হাজিরা পাবেন ৫ হাজার ৬৭৫ টাকা ৪৩ পয়সা।
তিন সিটের আপগ্রেডেশনের ক্ষেত্রে প্রত্যেক হাজিকে ফেরত দেওয়া হবে ৬ হাজার ২৪১ টাকা ২৪ পয়সা।
এদিকে সাধারণ হজ প্যাকেজ-৩-এর আওতায় হোটেল নান্দার ওয়ানে অবস্থানকারী হাজিদের প্রত্যেককে ৩ হাজার ৭১৮ টাকা ৯ পয়সা করে ফেরত দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।
সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, হজের বিভিন্ন খাতে প্রকৃত ব্যয় হিসাব করার পর যে অর্থ অবশিষ্ট রয়েছে, সেটিই সংশ্লিষ্ট হাজিদের ব্যাংক হিসাবে ফেরত পাঠানো হবে।