নিজস্ব প্রতিনিধি:
সময়ের প্রয়োজনে আওয়ামী লীগ কৌশল পরিবর্তন করে এগোচ্ছে বলে মন্তব্য করেছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তাই শেখ হাসিনার নির্দেশনা মেনে ডামি প্রার্থী হতে কোনো বাধা নেই।
সোমবার (২৭ নভেম্বর) সকালে ঢাকা মেডিক্যাল কলেজে শহীদ ডা. শামসুল আলম খান মিলনের ৩৩তম শাহাদাতবার্ষিকীতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে এ কথা বলেন তিনি।
এ সময় তিনি বলেন, দুষ্কর্মের সহযোগী খুঁজে বেড়ায় বিএনপি। হরতাল-অবরোধ ও বোমাবাজি করে নির্বাচনকে ভণ্ডুল করতে পারবে না তারা।
ওবায়দুল কাদের আরো বলেন, নির্বাচন বানচালের স্বপ্ন পূরণ হবে না। বিক্ষিপ্ত বোমাবাজি করে নির্বাচন বন্ধ করা যাবে না। নির্বাচন নিয়ে মানুষের মধ্যে যে উৎসাহ তাতে বোমাবাজি, অগ্নিসন্ত্রাস করে নির্বাচন ঠেকানো যাবে না।
জাতীয় সংসদের ৩০০ আসনের মধ্যে ২৯৮ আসনে দলীয় মনোনীত প্রার্থী ঘোষণা করেছে আওয়ামী লীগ। জোটের শরিকদের খালি করা আসনে মোট ১০৪টি নতুন মুখ যুক্ত হয়েছে। মনোনয়নপ্রত্যাশীদের তালিকায় ২২ জন নারী রয়েছেন। আওয়ামী লীগের ৮১ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কমিটি থেকে ৩৪ জনকে মনোনয়ন দেওয়া হয়েছে।