নিজস্ব প্রতিনিধি:
জাতীয় সংসদে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের নিয়ম লঙ্ঘন করে বক্তব্য দিয়েছেন বলে দাবি করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
বুধবার (৩১ জানুয়ারি) ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
বর্তমান সংসদের ভারসাম্য রক্ষা হয়নি উল্লেখ করে জিএম কাদেরের বক্তব্যের জবাবে তিনি বলেন, কথা যা বলার উনি তো একাই বলেছেন। গতকাল দেশের প্রধানমন্ত্রীও কোনো কথা বলেননি। আমরা শুধু আনুষ্ঠানিকতা করেছি। স্পিকারকে ধন্যবাদ জানানোর নামে তিনি গতকাল ফ্লোর নিয়ে যা বলেছেন তা ঠিক হয়নি। সামনে আরও সময় ছিল তিনি তখন অনেক কথাই বলতে পারতেন। তিনি শুরুটাই এমনভাবে করলেন যে তুলকালাম কাণ্ড ঘটিয়ে ফেললেন, লম্বা একটা বক্তৃতা দিলেন। বিষয়টা হলো ধন্যবাদ জানানোর। এত লম্বা ভাষণের জন্য ওনাকে আহ্বান করা হয়নি। উনি নিয়ম লঙ্ঘন করে কথা বলেছেন। ওনার কথা বলার সামনে যথেষ্ট সুযোগ আছে। স্বাধীনতার পর এদেশে একজন বিরোধীদলীয় নেতা ছিল, এখন তো তারাই ১১ জন।
ওবায়দুল কাদের বলেন, সংরক্ষিত নারী আসনে মনোনয়ন পাওয়ার বা চাওয়ার যে তাগিদ রয়েছে, সে তুলনায় আমাদের দেওয়ার সুযোগ খুবই কম। আমরা আমাদের পরীক্ষিত, ত্যাগীদের গুরুত্ব দেব। দলের জন্য যারা আত্মত্যাগ করেছেন, যারা আমাদের সময়ের পরীক্ষিত কর্মী, তাদের আমরা অগ্রাধিকার দেব।
তিনি বলেন, মহিলা সংরক্ষিত আসনে দলগতভাবে ৩৮টি, আর স্বতন্ত্র থেকে ১০ জন মিলিয়ে ৪৮টি মনোনয়ন দেওয়া হবে।
বিএনপির কালো পতাকা মিছিল প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, কর্তৃপক্ষের অনুমতি না নিয়ে তারা রাস্তায় ফ্রিস্টাইল করবে আর আমরা চুপচাপ বসে থাকব? এমনটা ভাবার কোনো কারণ নেই।
তিনি বলেন, বিএনপি নেতারা কী বলছেন তাতে দেশের মানুষ আগ্রহী নয়। আমাদের কোনো আগ্রহ নেই। পথ হারা পথিকের মতো দিশেহারা বিএনপি।