প্রিন্ট এর তারিখঃ মে ১, ২০২৬, ১১:২৮ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ১০, ২০২৬, ৪:৪৫ পি.এম
শ্রীপুরে পারিবারিক দ্বন্দ্বে পোশাক শ্রমিককে হত্যা: স্বামী-স্ত্রী ও মেয়ে ধরা পড়ল র্যাবের জালে
বাংলাদেশ কন্ঠ ।। মঙ্গলবার ।। ১০ মার্চ ২০২৬ ।।
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:
গাজীপুরের শ্রীপুরে পারিবারিক কলহের জেরে পোশাক শ্রমিক স্ত্রী রুমা আক্তারকে (৩২) ছুরিকাঘাতে হত্যার ঘটনায় প্রধান আসামি স্বামী রতন মিয়াসহ তিনজনকে গ্রেফতার করেছে র্যাব। গ্রেফতারকৃতদের মঙ্গলবার (১০ মার্চ) দুপুরে গাজীপুর আদালতে পাঠানো হয়েছে। শ্রীপুর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) জাফর আলী খান বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেফতারকৃতরা হলেন—নেত্রকোনা সদর উপজেলার জয়নগর গ্রামের মরম আলীর ছেলে এবং নিহতের স্বামী রতন মিয়া (৪৮), তার প্রথম স্ত্রী আনোয়ারা খাতুন (৪৫) এবং তাদের মেয়ে রুনা আক্তার (২০)। র্যাব সূত্র জানায়, ঘটনার পর আসামিদের গ্রেফতারে র্যাব-১ (গাজীপুর), র্যাব-৯ (সুনামগঞ্জ) ও র্যাব-১৪ (ময়মনসিংহ) যৌথ অভিযান শুরু করে। এর অংশ হিসেবে রোববার (৮ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে সুনামগঞ্জ সদর উপজেলার জুবিলী এলাকা থেকে প্রধান আসামি রতন মিয়াকে গ্রেফতার করা হয়। পরদিন সোমবার (৯ মার্চ) দুপুর সোয়া ১টার দিকে নেত্রকোনা সদর উপজেলার মহাদেবপুর গ্রাম থেকে তার সহযোগী আনোয়ারা খাতুন ও রুনা আক্তারকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে সোমবার রাতে তাদের শ্রীপুর থানায় হস্তান্তর করা হয়। র্যাব-১ এর অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) শাহ আলম জানান, গত শুক্রবার (৬ মার্চ) বিকেল ৩টার দিকে রুমা আক্তার নতুন কাপড় দিয়ে জামা বানানোর জন্য তার ভাড়া বাসার পাশের একটি বাসায় যান। সেখান থেকে ফেরার পথে চন্নাপাড়া এলাকায় রুনা আক্তারের ভাড়া বাসার গেইটের সামনে পৌঁছালে পূর্বপরিকল্পিতভাবে রতন মিয়া, আনোয়ারা খাতুন ও রুনা আক্তার তার পথরোধ করে। একপর্যায়ে রতন মিয়া রুমা আক্তারের পিঠের বাম পাশে ছুরিকাঘাত করলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের ছেলে বাদী হয়ে শনিবার (৭ মার্চ) শ্রীপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা রুমা আক্তারকে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে জানিয়েছে র্যাব।
নিহত রুমা আক্তার নেত্রকোনা সদর উপজেলার জয়নগর গ্রামের সাহেব আলীর মেয়ে। প্রথম স্বামীর সঙ্গে বিচ্ছেদের পর প্রায় তিন বছর আগে তিনি রতন মিয়াকে বিয়ে করেন। স্বামী ও তিন সন্তানকে নিয়ে তিনি শ্রীপুর পৌরসভার চন্নাপাড়া এলাকায় ইব্রাহিম খলিলের বাড়িতে ভাড়া থাকতেন এবং স্থানীয় একটি পোশাক কারখানায় কাজ করতেন।
Copyright © 2026 বাংলাদেশ কন্ঠ. All rights reserved.