বাংলাদেশ কন্ঠ ।। বুধবার ।। ১৫ এপ্রিল ২০২৬ ।।
ইরানকে সামরিক সহায়তা দেওয়ার অভিযোগে চীনা পণ্যের ওপর উচ্চ হারে শুল্ক আরোপের হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ ধরনের পদক্ষেপ নেওয়া হলে যুক্তরাষ্ট্রকে কঠোরভাবে জবাব দেওয়ার ঘোষণা দিয়েছে চীন। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুও জিয়াকুন এক ব্রিফিংয়ে বলেন, যুক্তরাষ্ট্র যদি অভিযোগকে অজুহাত হিসেবে ব্যবহার করে চীনের ওপর অতিরিক্ত শুল্ক চাপায়, তাহলে বেইজিং পাল্টা কঠোর ব্যবস্থা নিতে বাধ্য হবে। তিনি আরও উল্লেখ করেন, সামরিক সরঞ্জাম রপ্তানির ক্ষেত্রে চীন সবসময় দায়িত্বশীল ভূমিকা পালন করে এবং দেশটির আইন ও আন্তর্জাতিক বাধ্যবাধকতার আওতায় এসব কার্যক্রম কঠোরভাবে নিয়ন্ত্রিত হয়। এর আগে ট্রাম্প সতর্ক করে জানান, যেসব দেশ ইরানকে অস্ত্র সরবরাহ করবে, তাদের পণ্যের ওপর সর্বোচ্চ ৫০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপ করা হতে পারে। যদিও শুরুতে কোনো দেশের নাম উল্লেখ করা হয়নি, বিশ্লেষকদের মতে এই বার্তা মূলত চীন ও রাশিয়ার উদ্দেশেই দেওয়া। রোববার ‘সানডে মর্নিং ফিউচারস’ অনুষ্ঠানে মারিয়া বার্টিরোমোর সঙ্গে সাক্ষাৎকারে ট্রাম্পকে জিজ্ঞেস করা হলে তিনি নিশ্চিত করেন, এ তালিকায় চীনও অন্তর্ভুক্ত থাকবে।