নিজস্ব প্রতিনিধি:
শীতে শিশুর বাড়তি যত্ন নিতে হয়। ঠাণ্ডা আবহাওয়া শিশুর কোমল শরীরে বিরূপ প্রভাব ফেলে। এ সময় শিশুরা জ্বর, সর্দি, কাশি, গলাব্যথা, কানের সংক্রমণসহ ত্বকের নানা সমস্যায় ভোগে।
এ কারণে শীতে শিশুদের যেমন গরম রাখতে হবে, তেমনি তাদের সুরক্ষার কথা বিবেচনা করে খাবারের দিকেও খেয়াল রাখতে হবে। কিছু কিছু খাবার আছে যেগুলো শীতকালে খেলে শিশুর স্বাস্থ্যের ক্ষতি হয়। জেনে নিন শিশুদের অসুস্থতা কমাতে শীতে শিশুদের কোন খাবার দেওয়া উচিত নয়-
মিষ্টিজাতীয় খাবার: শিশুরা মিষ্টি খাবার খেতে ভালোবাসে। এই খাবারগুলো রোগ প্রতিরোধ ক্ষমতা কমিয়ে দিতে পারে। আইসক্রিম, কোল্ড ড্রিংকস, চকোলেট, ক্যান্ডি থেকে শিশুদের দূরে রাখুন।
প্রাণীজ প্রোটিন: মাংসের মধ্যে থাকা প্রাণীজ প্রোটিন মিউকাস ঘন করে। যা থেকে শিশুদের গলায় সমস্যা দেখা দিতে পারে। বিশেষ করে প্রক্রিয়াজাত মাংস থেকে যতটা সম্ভব দূরে রাখুন শিশুকে। এ সময় শিশুদের প্রাণীজ প্রোটিন খাওয়াতে চাইলে মাছের ওপর ভরসা রাখুন।
তৈলাক্ত খাবার: তৈলাক্ত খাবার এমনিতেই স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এই ধরনের খাবারে চর্বি, কোলেস্টেরল, ক্যালোরি থাকে। যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমিয়ে দেয়। শীতে শিশুদের ফ্রেঞ্চ ফ্রাই, চিকেন ফ্রাই, ফ্রাইড চিজ, পটেটো চিপসের মতো খাবার থেকে দূরে রাখুন।
সেই সঙ্গে শিশুকে এমন খাবার দেবেন না যা মৌসুমি সবজি বা ফল নয়। কারণ মৌসুম ছাড়া বাজারে যেসব ফল বা সবজি পাওয়া যায় তাতে রাসায়নিকের ব্যবহার থাকতে পারে। তাই শিশুকে সবসময় তাজা ও মৌসুমি ফল বা সবজি খাওয়াতে হবে।