বাংলাদেশ কন্ঠ ।। মঙ্গলবার ।। ২৮ এপ্রিল ২০২৬ ।।
গাজীপুর প্রতিনিধি :
গাজীপুর মহানগরীর উত্তর খাইলকুর এলাকায় হঠাৎ করেই একটি বসতবাড়ির প্রবেশপথ বন্ধ করে দেওয়ায় অন্তত ১০টি পরিবার কার্যত অবরুদ্ধ হয়ে পড়েছে। চলাচলের একমাত্র পথ বন্ধ হয়ে যাওয়ায় বাসিন্দারা এখন জীবনের ঝুঁকি নিয়ে ছাদের ওপর দিয়ে মই বেয়ে ঘরে প্রবেশ ও বের হচ্ছেন। স্থানীয় সূত্রে জানা যায়, কয়েক বছর আগে তমা আক্তারের স্বামী সাইফুল ইসলাম চার শতাংশ জমি ক্রয় করেন, যার সঙ্গে একটি সরু চলাচলের পথও অন্তর্ভুক্ত ছিল। সম্প্রতি সেই পথটি স্থানীয় ব্যবসায়ী নিলু চাঁন খান বন্ধ করে দেন। এতে একাধিক পরিবারের স্বাভাবিক যাতায়াত সম্পূর্ণ ব্যাহত হয়।
ভুক্তভোগীদের অভিযোগ, দীর্ঘদিনের বিরোধের জেরে ওই ব্যক্তি পথ বন্ধ করার পাশাপাশি ১০ লাখ টাকা চাঁদা দাবি করেছেন। তবে অভিযুক্ত এ অভিযোগ অস্বীকার করে দাবি করেন, ভুক্তভোগীরা নির্ধারিত সীমানার বাইরে জমি ব্যবহার করছিলেন, তাই তিনি নিজের জমি বুঝে নিয়েছেন। এ ঘটনায় সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন নারী, শিশু ও বয়স্করা। ভাড়াটিয়ারা জানান, প্রতিদিন কাজে যেতে ও বাসায় ফিরতে তাদের চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে উভয় পক্ষের বক্তব্য শোনে। গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওয়াহিদুজ্জামান বলেন, পরিস্থিতি স্বাভাবিক করতে দ্রুত সমাধানের চেষ্টা চলছে এবং সাময়িকভাবে পথটি খুলে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।