হাওলাদার বেলাল, ঝালকাঠি জেলা প্রতিনিধি :
ঝালকাঠির রাজাপুর উপজেলার বড়ইয়া ইউনিয়নের কাচারি বাড়ি বাজার সংলগ্ন বড়ইয়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সামনে ভূতমারা খালের উপর নির্মিত ব্রিজটি এখন মৃত্যুফাঁদে পরিণত হয়েছে। ব্রিজটির লোহার বিমগুলো মারাত্মকভাবে ক্ষয়ে গিয়ে যেকোনো সময় ভেঙে পড়ার উপক্রম হয়েছে।
সরেজমিনে দেখা যায়, ব্রিজের মাঝের অংশ একদম লাজুক হয়ে পড়েছে। স্থানীয় সংবাদকর্মী আলমগীর শরীফ নিজ উদ্যোগে বাঁশ ও সুপারী গাছ দিয়ে চলাচলের আংশিক ব্যবস্থা করলেও পানির অংশের কাঠামো এতটাই দুর্বল যে বড় ধরনের দুর্ঘটনা ঘটার আশঙ্কা করছেন এলাকাবাসী। এই ব্রিজ দিয়েই প্রতিদিন বড়ইয়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়, বড়ইয়া মাধ্যমিক বিদ্যালয়, বড়ইয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, বড়ইয়ান ডিগ্রি কলেজ, কাচারি বাড়ি বাজার ও বড়ইয়া ইউনিয়ন পরিষদে যাতায়াত করেন শিক্ষার্থী, শিক্ষক, ব্যবসায়ী-সহ বিভিন্ন শ্রণি পেশার মানুষ। এছাড়া উপজেলা সদরে যাওয়ার এটিই প্রধান পথ।
স্থানীয়রা জানান, ব্রিজটি দীর্ঘদিন ধরে একই অবস্থায় পড়ে আছে। বারবার কর্তৃপক্ষকে জানানো হলেও কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি।
স্থানীয়দের দাবি যদি দ্রুত ব্রিজটি পুনর্নির্মাণ বা সংস্কার না করা হয়, তাহলে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। হাজারো শিক্ষার্থীর জীবন ঝুঁকির মধ্যে রয়েছে।
তাই দুর্ঘটনা ঘটার আগেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন এলাকার সচেতন মহল। তারা দ্রুত ব্রিজটি সংস্কার বা নতুন করে নির্মাণের জোর দাবি জানিয়েছেন।