নিজস্ব প্রতিনিধি:
গত ২৯ জুন ছিল মুসলমানদের পবিত্র ঈদুল আজহা। আর ঈদ মানেই সুখের আমেজ। এই আমেজ নিজেদের কাছের মানুষদের সাথে ভাগ করে নিতেই রাজধানী ছেড়ে গ্রামে ফিরে যায় শহরের অনেক কর্মব্যস্ত মানুষ। ঢাকা হয়ে পড়ে অনেকটাই জনশূন্য।
এদিকে পরিবার-পরিজনের সঙ্গে ঈদুল আজহা উদযাপন শেষে রাজধানীতে ফিরছেন কর্মব্যস্ত মানুষ। ঈদের ছুটি শেষে রোববার (২ জুলাই) থেকেই প্রিয়জনের সুখম্মৃতি নিয়ে ব্যস্ততম ঢাকায় ফিরতে শুরু করেছে সাধারণ মানুষ।সোমবার (৩ জুলাই) ভোর থেকেই নানা শ্রেণি-পেশার মানুষকে দূরপাল্লার বাস, ট্রেন ও লঞ্চে করে ঢাকায় ফিরতে দেখা গেছে। ঈদ পরবর্তীতে সড়কে ভোগান্তি ও যানজট না থাকায় নির্বিঘ্নে ঢাকায় ফিরতে পারছেন জনগণ।
ঈদুল আজহার টানা পাঁচদিন ছুটি শেষে রোববার সরকারি-বেসরকারি অফিস-আদালত খুলেছে।। খুলেছে ব্যাংক, বীমা ও আর্থিক প্রতিষ্ঠানও।
এদিকে ঈদের আগে নানা কারণে বাড়ি যেতে না পারা অনেকেই স্বজনদের সঙ্গে দেখা করতে এখনো ঢাকা ছাড়ছেন। আবার ঈদের ছুটির সঙ্গে যারা বাড়তি ৩/৪ দিন ছুটি নিয়েছেন এখনো তারা ঢাকায় ফিরতে শুরু করেননি। ঢাকার সড়কে যেন এখনো ছুটির আমেজ লেগেই আছে। ঈদ পরবর্তী ঢাকার চিত্র ঠিক এমনটাই দেখা যাচ্ছে।
রোববার (২ জুলাই) প্রথম কর্মদিবস হওয়ায় সকাল থেকে অফিসগামী মানুষের বাড়তি চাপ সড়কে লক্ষ্য করা গেছে।তারপরেও তা স্বাভাবিক সময়ের তুলনায় কম।
এ দু’দিন সকালের দিকে সড়কে তেমন যানবাহনের উপস্থিতি না দেখা গেলেও বেলা বাড়ার সঙ্গে যানবাহন ও মানুষের উপস্থিতি কিছুটা বেড়ে যায়। তবে এই চিত্র চিরচেনা ঢাকার মতো নয়। তবে ফাঁকা ঢাকায় এখনো সিএনজিচালিত অটোরিকশা ও রিকশায় মানুষের যাতায়াত বেশি।
পাশাপাশি ফাঁকা রাস্তার কারনে রাজধানীতে বাড়ছে ছিনতাই। রাস্তাঘাট জনশূন্য হওয়ায় পথচারীদের ওপর ওঁৎ পেতে থাকছে ছিনতাইকারীরা। সর্তকতার সাথে চলাচল করতে হচ্ছে পথচারীদের।
উৎসব পাগল বাঙ্গালীর ছুটির আমেজ এখনো কাটেনি বলে মনে হচ্ছে রাজধানীর এই চিত্রে । আরও কয়েকদিন এ অবস্থা থাকবে। আগামী সপ্তাহের শুরু থেকে ঢাকা আগের রূপে ফিরবে বলে ধারণা করা হচ্ছে।