নিজস্ব প্রতিনিধি :
মার্কিন প্রেসিডেন্ট বাইডেন তার চিঠিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রশংসা করেছেন। একসঙ্গে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছেন। যারা বাংলাদেশের নির্বাচনে বিরোধিতা করেছিল। নির্বাচন থেকে সরে দাঁড়ানোর মাধ্যমে নির্বাচন ঠেকানোর নানা অপচেষ্টা চালিয়েছে এই প্রত্যাশা রেখে যে যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা দেবে। তাদের এমন ধারনা বদলে দিয়ে বাইডেন শেখ হাসিনার সঙ্গে কাজ করার জন্য চিঠি দিয়ে অভিব্যক্তি জানিয়েছেন। এখন বিএনপির কাছে প্রশ্ন এখন আপনাদের কে ক্ষমতায় বসাবে। কে আপনাদের ক্ষমতা পরিবর্তনে সহায়তা করবে বলে বিএনপিদের কাছে প্রশ্ন তুলে ধরেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
সোমবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে তিনি এ প্রশ্ন করেন।
তিনি আরও বলেন, বিএনপি এখন আর কোন আশা নিয়ে বসে থাকবে, দেশের জনগণতো নেই ই বরং এখন বিদেশিরাও চলে গেছে। যুক্তরাষ্ট্রের ওপর ভরসা ছিল সেই ভরসাও শেষ হয়ে গেলো।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া আবারও রাজনীতিতে যোগ দিতে পারবেন কিনা এমন প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, খালেদা জিয়া কোন পর্যায়ে রাজনীতিতে যোগ দেবেন কি না, সেটা তাদের সিদ্ধান্তের বিষয় বিএনপি নেতাদের জিজ্ঞেস করাটাই ভালো।
সংসদে বিএনপিকে নিষিদ্ধ করার দাবি উঠেছে, এ বিষয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, দেখুন আমি একটা কথা বলি, সংসদে সবাই কথা বলতে পারেন। সদস্যদের নানা মতামত (অপিনিয়ন) থাকতে পারে। কিন্তু মতামতটাই সিদ্ধান্ত এমনটা মনে করার এখনও কোন কারণ নেই। এধরনের কোনো সিদ্ধান্ত দলীয়ভাবেও আমরা চিন্তা করিনি।
মিয়ানমারের অভ্যন্তরীণ সংঘর্ষের ফলে এ পর্যন্ত তিন বাংলাদেশি আহত হয়েছেন এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, যা ঘটছে তা তো আমরা জানি। এটা আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বিষয়। তিনি একটা প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। সেটাই আমাদের দলের প্রতিক্রিয়া। এই বিষয়টা নিয়ে আমাদের আশেপাশের দুই/তিনটা গ্রামের জনগণ বাড়িঘর ছেড়ে চলে যাচ্ছেন। আমাদের জন্য এটা উদ্বেগের। গোলা, মর্টারের শেল বাংলাদেশের ভূখণ্ডেও পড়ছে। তিন জন আমাদের আহত হয়েছে। আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় এসব ব্যাপারে নিশ্চয় মিয়ানমারের সঙ্গে যোগাযোগ করবে।