বাংলাদেশ কন্ঠ ।। সোমবার ।। ০৯.০৩.২০২৬ ।।
মিরপুর-২ এর বাণিজ্যিক ভবনের ৩ তলায় আগুন, উদ্ধার অভিযান চলছে
রাজধানীর মিরপুর-২ এ অবস্থিত ১১ তলার একটি বাণিজ্যিক ভবনের ৩ তলায় সোমবার (৯ মার্চ) দুপুরে আগুন লেগেছে। ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। ফায়ার সার্ভিসের ডিইউটি অফিসার লিমা খানম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দুপুর ১টা ৫২ মিনিটে আগুন লাগার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ৫টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে। ফায়ার সার্ভিস মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন জানিয়েছেন, এখন পর্যন্ত ভবনের ছাদ থেকে ৪ জনকে নিরাপদে উদ্ধার করা হয়েছে। এখনও ৫–৬ জন ছাদে আটকা পড়েছে। তাদের উদ্ধার করতে ফায়ার সার্ভিসের টিটিএল ব্যবহার করে নিচে নামানোর ব্যবস্থা চলছে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা যায়নি। তবে এ পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।