প্রিন্ট এর তারিখঃ মে ১৮, ২০২৬, ১:৩৫ পি.এম || প্রকাশের তারিখঃ মে ১৭, ২০২৬, ৪:৩৩ পি.এম
মাদারীপুরে প্রতিবন্ধী শিক্ষার্থীদের পাশে এমপি জাহান্দার

বাংলাদেশ কন্ঠ ।। রোববার ।। ১৭ মে ২০২৬ ।।
পি.এম.সবুজ,মাদারীপুর জেলা প্রতিনিধিঃ মাদারীপুর শহরের তরমুগুরিয়া এলাকার প্রসিসেস প্রতিবন্ধী স্কুল পরিদর্শন করেছেন মাদারীপুর সদর-২ আসনের সংসদ সদস্য জাহান্দার আলী মিয়া। রোববার (১৭ মে) দুপুরে স্কুল চলাকালে তিনি প্রতিষ্ঠানটি পরিদর্শনে গেলে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়।
স্কুল সূত্রে জানা যায়, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক পলি খানমের নেতৃত্বে ৩২ জন শিক্ষক ও প্রায় ৩৯০ জন শিক্ষার্থী সংসদ সদস্যকে স্বাগত জানান। পরিদর্শনকালে তিনি বিভিন্ন শ্রেণিকক্ষে গিয়ে পাঠদান কার্যক্রম ঘুরে দেখেন এবং শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন। এসময় শিক্ষার্থীদের কবিতা আবৃত্তি, নৃত্য ও সঙ্গীত পরিবেশনা উপভোগ করেন তিনি।
বিশেষ চাহিদাসম্পন্ন কয়েকজন শিক্ষার্থীকে বুকে জড়িয়ে ধরে তাদের খোঁজখবর নেন এমপি জাহান্দার আলী মিয়া। তার এমন স্নেহময় আচরণে আবেগাপ্লুত হয়ে পড়েন উপস্থিত শিক্ষক-অভিভাবকরা। শিক্ষার্থীদের সঙ্গে হাসিমুখে সময় কাটাতে দেখা যায় তাকে।
পরিদর্শনের একপর্যায়ে স্কুলটির অবকাঠামোগত বিভিন্ন সমস্যা ঘুরে দেখেন সংসদ সদস্য। ভগ্নপ্রায় ভবন, পর্যাপ্ত শ্রেণিকক্ষের অভাব, টিনশেড কক্ষে পাঠদান, শিক্ষক-কর্মচারীদের জন্য পর্যাপ্ত অফিস কক্ষ না থাকা এবং অসমাপ্ত তিনতলা ভবনের কাজ দেখে তিনি দুঃখ প্রকাশ করেন। দ্রুত এসব সমস্যা সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাসও দেন তিনি।
এসময় সংসদ সদস্য জাহান্দার আলী মিয়া বলেন, “প্রতিবন্ধী শিশুরা সমাজের বোঝা নয়। তাদের মধ্যেও অসাধারণ মেধা ও প্রতিভা রয়েছে। সঠিক পরিচর্যা, শিক্ষা ও সহযোগিতা পেলে তারাও দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তাই তাদের প্রতি আমাদের আরও মানবিক ও সহানুভূতিশীল হতে হবে।”
স্থানীয়দের মতে, প্রতিবন্ধী শিক্ষার্থীদের প্রতি সংসদ সদস্যের এমন মানবিক আচরণ উপস্থিত সবার হৃদয় ছুঁয়ে গেছে। তার এ সফর শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে নতুন আশার সঞ্চার করেছে।
Copyright © 2026 বাংলাদেশ কন্ঠ. All rights reserved.