নিজস্ব প্রতিনিধি:
কিশোরগঞ্জের ভৈরবে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষে এ পর্যন্ত ২০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অনেকে আহত হয়েছেন বলে জানা গেছে। সোমবার (২৩ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। ভৈরব রেলস্টেশনের ওসি মো. আলীম হোসেন শিকদার গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, মালবাহী ট্রেনটি ঢাকা থেকে চট্টগ্রাম যাচ্ছিল, যাত্রীবাহী ট্রেনটি ভৈরব থেকে ঢাকা যাচ্ছিল। মালবাহী ট্রেনটি ভৈরব রেলওয়ে স্টেশনের আউটার পয়েন্ট ক্রসিংয়ে যাত্রীবাহী ট্রেনের শেষ দুটি বগিকে ধাক্কা দেয়। এ সময় যাত্রীবাহী ট্রেনের কয়েকটি বগি উল্টে যায়। ঘটনাস্থল থেকে এখন পর্যন্ত ১৫টি লাশ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে ট্রেনের নিচে এখনো অনেক লাশ চাপা পড়ে আছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ট্রেনের নিচে চাপা পড়ে বহু মানুষ। ক্ষতিগ্রস্ত কোচে অনেকেই আহত হয়েছেন। ফায়ার সার্ভিস ঘটনাস্থলে আসে।
এদিকে ভয়াবহ এ দুর্ঘটনার পর ঢাকা-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। কমলাপুর রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার আফছার উদ্দিন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, উদ্ধারকাজে রিলিফ ট্রেন রওনা হয়েছে। উদ্ধার কাজ শেষ হলে ট্রেন চলাচল আবার শুরু হবে।