নিজস্ব প্রতিনিধি:
ভারতের ওডিশা রাজ্যে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শনিবার (৩ জুন) প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে এক শোকবার্তায় এ তথ্য জানানো হয়।
সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত ওডিশা দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৮৮। আহত হয়েছেন ৮৫০ জনেরও বেশি মানুষ। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
চলতি শতাব্দীতে ভারতে এটি সবচেয়ে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা বলে মনে করা হচ্ছে। সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, স্থানীয় সময় সন্ধ্যা সাতটার দিকে ওডিশা রাজ্যের বালাসোরে মোট তিনটি ট্রেন দুর্ঘটনার কবলে পড়ে।
ভারতীয় রেলওয়ের মতে, করমন্ডল এক্সপ্রেস নামে একটি যাত্রীবাহী ট্রেন পশ্চিমবঙ্গের হাওড়ার কাছে শালিমার থেকে তামিলনাড়ুর চেন্নাই যাচ্ছিল। এর কয়েকটি বগি লাইনচ্যুত হয় এবং পাশের লাইনে থাকা আরেকটি দ্রুতগামী যাত্রীবাহী ট্রেন তাদের ধাক্কা দেয়। দ্বিতীয় ট্রেনটি বেঙ্গালুরু থেকে হাওড়া যাচ্ছিল।
স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, দাঁড়িয়ে থাকা একটি মালবাহী ট্রেনের সাথেও যাত্রীবাহী ট্রেনগুলোর ধাক্কা লাগে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এক টুইট বার্তায় শোক ও সমবেদনা জানিয়েছেন।