মনিরুজ্জামান মনির, স্টাফ রিপোর্টারঃ
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে দশম শ্রেনীর এক শিক্ষার্থীকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় ওই শিক্ষার্থীর বাড়ি-ঘরে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে রাকিব নামে এক যুবক ও তার স্বজনদের বিরুদ্ধে। এ সময় উভয় পক্ষের কমপক্ষে ১০ জন আহত হয়। মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার সিঙ্গারবিল ইউনিয়নের কাশিনগর এলাকায় এই ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় উত্তপ্ত পরিবেশ বিরাজ করছে।
কিশোরীর পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায় ওই এলাকার একটি বিদ্যালয়ের দশম শ্রেণিতে পড়ুয়া এক কিশোরীকে দীর্ঘদিন ধরে উত্ত্যক্ত করে আসছিলেন প্রতিবেশী হুমায়ূন মিয়ার রাকিব। পওে রাকিব ওই কিশোরীকে বিয়ের প্রস্তাব দিলেও তাতে রাজি হয়নি কিশোরীর পরিবার। এর জেরে কিশোরীর পড়াশোনা বন্ধ হয়ে যায় এবং কিশোরী পরীক্ষায়ও অংশ নেয়নি।
কিশোরীরর পরিবারের অভিযোগ, কিশোরীর সাথে দেখা করতে না পেওে মঙ্গলবার সন্ধ্যায় রাকিব বাড়ির কিশোরীর বাড়ির সামনের রাস্তা দিয়ে ঘুরাফেরা করেও কিশোরীর পরিবারের সদস্যদের গালিগালাজ করেন। এর প্রতিবাদ করলে দুই পক্ষের মধ্যে বাগবিতন্ডা শুরু হয়। এক পর্যায়ে তা হাতাহাতি ও মারামারিতে রূপ নেয়। এতে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হন।
এ ঘটনার জেরে রাকিবের পরিবারের লোকজন দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে কিশোরীর পরিবারের পাঁচটি ঘরে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করেন। এ সময় উভয়পক্ষের নারীসহ কমপক্ষে ১০ জন আহত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ ব্যাপারে সিঙ্গারবিল বাজার কমিটির সাধারণ সম্পাদক মানিক মিয়া জানান, মেয়ে সংক্রান্ত বিষয় নিয়ে দুই পক্ষের মধ্যে এ ঘটনা ঘটে। খবর পেয়ে তিনি, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও পুলিশ ঘটনাস্থলে যান। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
সিঙ্গারবিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুল ইসলাম ভূঁইয়া জানান, খবর পেয়ে তিনি ঘটনাস্থলে যান। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে করেছে। এ ঘটনায় উভয় পক্ষের ১০ জন আহত হয়েছেন।
এ ব্যাপারে বিজয়নগর থানার পরিদর্শক (তদন্ত) রাজিব চন্দ্র সরকার বলেন, মেয়ে সংক্রান্ত বিষয় নিয়ে দুই পক্ষের মধ্যে এ ঘটনা ঘটেছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রনে আছে। অভিযোগ পেলে তদন্তক্রমে আইনগত ব্যবস্থা নেয়া হবে।