নিজস্ব প্রতিনিধি:
মাঠ পর্যায়ে শুরু হয়েছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ব্যালট পেপার পাঠানোর প্রক্রিয়া। প্রথম দিনে সোমবার (২৫ ডিসেম্বর) ১৩টি জেলায় ব্যালট পেপার, পোস্টাল ব্যালট পেপার এবং সংশ্লিষ্ট ফরম ও স্ট্যাম্প প্যাড পাঠানো হচ্ছে। এসব উপকরণ পর্যায়ক্রমে অন্যান্য জেলায় যাবে।
সোমবার (২৫ ডিসেম্বর) বিজি প্রেস, সরকারি প্রিন্টিং প্রেস ও সিকিউরিটি প্রিন্টিং প্রেস থেকে এসব ভোটের উপকরণ পাঠানো হচ্ছে।
ইসি সূত্রে জানা গেছে, পঞ্চগড়, গাইবান্ধা, মেহেরপুর, কুষ্টিয়া, মাগুরা ও রাঙ্গামাটি জেলায় গভর্নমেন্ট প্রিন্টিং প্রেস থেকে; বিজি প্রেস থেকে জয়পুরহাট, চাঁপাইনবাবগঞ্জ, ঝালকাঠি, ভোলা ও বরগুনা জেলায় এবং সিকিউরিটি প্রিন্টিং প্রেস থেকে পটুয়াখালী ও নেত্রকোনা জেলা রিটার্নিং অফিসারের কাছে ব্যালট পাঠানো হচ্ছে।
এদিকে যেসব নির্বাচনী এলাকায় মামলা ঝুলে আছে, সেখানে পরে ব্যালট পেপার ছাপানো হবে। জানা গেছে, ৪০টিরও বেশি নির্বাচনী এলাকায় মামলা চলছে।
প্রসঙ্গত, প্রতীক বরাদ্দের পরদিন ১৯ ডিসেম্বর থেকে ব্যালট পেপার ছাপানো শুরু হয়। ৩১ ডিসেম্বরের মধ্যে ব্যালট ছাপানোর কাজ শেষ করতে চায় ইসি।