নিজস্ব প্রতিনিধি:
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, নির্বাচন অংশগ্রহণমূলক হচ্ছে বরং বিএনপি ও তার দোসররাই একতরফাভাবে নির্বাচনের বিরোধিতা করছে।
মঙ্গলবার (২ জানুয়ারি) বিকেলে রাজধানীর ধানমন্ডিতে দলীয় সভাপতির কার্যালয়ে তিনি এসব কথা বলেন।
ওবায়দুল কাদের আরও বলেন, লিফলেট বিতরণ বিএনপির রহস্যময় কর্মসূচি। হঠাৎ তারা সশস্ত্র হয়ে উঠতে পারে। তবে তারা যতই প্রতিবন্ধকতা সৃষ্টি করুক না কেন নির্বাচন ঠেকানো যাবে না।
ইউনূসের সাজা নিয়ে প্রশ্নের জবাবে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, আদালতের রায়েই তিনি সাজা পেয়েছেন। এখানে আওয়ামী লীগের কোনো দায় নেই। যে শ্রমিকদের পাওনা থেকে বঞ্চিত করেছেন তারাই মামলা করেছেন। এখানে আওয়ামী লীগ সরকারের সমালোচনা কেন?
জাপার কিছু কিছু প্রার্থীর নির্বাচন থেকে সরে আসার প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ব্যক্তিগত অসুবিধার কারণে জাতীয় পার্টির ২/১ জন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে নাও পারে। তবে দলগতভাবে তারা নির্বাচন থেকে সরে আসবে বলে মনে হয় না। যাদের সঙ্গে কম্প্রোমাইজ হয়েছে তারাতো কেউ সরে যায়নি।