নিজস্ব প্রতিনিধি:
সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির ভাইস প্রেসিডেন্ট এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরীকে গ্রেফতার করেছে র্যাব। তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য র্যাব সদর দফতরে নিয়ে যাওয়া হয়েছে বলে জানা গেছে।
বিএনপির ডাকা ৪৮ ঘণ্টার দ্বিতীয় দফা অবরোধের আগে রোববার (৫ নভেম্বর) ভোরে টঙ্গী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গত ২৮ অক্টোবর বিএনপির সাধারণ সভার দিন প্রধান বিচারপতির বাসভবনে হামলা, ভাংচুর ও সহিংসতার একাধিক মামলার আসামি আলতাফ হোসেন।
এর আগে শনিবার সন্ধ্যায় রাজধানীর বাড্ডায় বোনের বাসা থেকে বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্সকে গ্রেপ্তার করা হয়।
এদিকে, গতরাতে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসির উদ্দীন অসীমের ধানমন্ডির বাসায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অভিযান চালিয়েছে। তবে ব্যারিস্টার অসীম বাড়িতে ছিলেন না। কাউকে গ্রেপ্তার করা হয়নি।
গত ২৮ অক্টোবর নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশের দিন সহিংসতার ঘটনায় বিএনপির বিভিন্ন নেতাকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত আছে। ইতোমধ্যে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, মির্জা আব্বাসসহ কেন্দ্রীয় ও তৃণমূলের অনেক নেতাকে গ্রেপ্তার করা হয়েছে।