নিজস্ব প্রতিনিধি:
সম্প্রতি ফোর্বসের সাক্ষাৎকারের একটি বিষয় কেটে নেটিজেনরা বিপদে ফেলেছে কারিনা কাপুরকে। সেখানে কারিনা কাপুর তার প্রিয় অভিনেত্রী টাবুর প্রশংসা করেন এবং তাকে নতুনদের সাথে তুলনা করেন। আর তাতেই অনেকে দুয়ে দুয়ে চার মিলিয়ে ফেলেছে।
ফোর্বস ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে কারিনা বলেন,‘বর্তমান প্রজন্মের নায়িকাদের তুলনায় এখনও বেশি পরিশ্রম করেন রানি মুখোপাধ্যায় এবং টাবু। আমাদের ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রির সবচেয়ে প্রতিভাবান অভিনেত্রী। রানি সব দিক দিয়েই সিনেম্যাটিক। তিনি যে চরিত্রেই অভিনয় করুক না কেন, পর্দায় সেই চরিত্রেই নিজেকে ঢেলে নেন। আপনি তার থেকে আপনার চোখ সরাতে পারবেন না।’
তিনি আরও বলেন, ‘ভারতীয় ইন্ডাস্ট্রিতে আমার দেখা সেরা অভিনেত্রীদের একজন টাবু। বয়স তাদের পারফরম্যান্সে ছাপ ফেলতে পারেনি। তারা দর্শকদের বিনোদন দিয়ে চলেছেন। আমরা তো সকলেই এখানে বিনোদন দিতে এসেছি। বয়স কীভাবে গুরুত্বপূর্ণ? শুনতে খারাপ লাগলেও এটা সত্যি যে এই অভিনেত্রীরা বয়সে অনেক ছোটদের তুলনায় ভালো কাজ করছে। বয়স একটা সংখ্যা মাত্র। তাই এরকম ধরনের প্রশ্ন করা উচিত নয়। কই আপনারা অভিনেতাদের বয়স নিয়ে প্রশ্ন করেন না। বয়সের শংকায় কী শুধু নারীরাই থাকবে? এটা কেন। এর আমুল পরিবর্তন হওয়া উচিত।’
কারিনা কাপুরকে শীঘ্রই হংসল মেহতার ক্রাইম থ্রিলার 'দ্য বাকিংহাম মার্ডারস'-এ দেখা যাবে। এই ছবির মাধ্যমে প্রযোজক হিসেবেও অভিষেক হবে তার। 'দ্য ক্রু' ছবিতেও দেখা যাবে তাকে। যেখানে কারিনার সঙ্গে রয়েছেন টাবু, কৃতি শ্যানন, দিলজিৎ দোসাঞ্জ। রোহিত শেঠির কপ ড্রামা 'সিংহাম এগেইন'-এ কারিনা কাপুর একটি বিশেষ ভূমিকায় রয়েছেন।