ফ্রান্সের রাজপথে সরকারবিরোধী বিক্ষোভে এবার হাজির একঝাঁক সুপারহিরোকে! ক্যাপ্টেন আমেরিকা, ব্ল্যাক প্যান্থার, আবার কাউকে দেখা গেছে স্পাইডারম্যানের পোশাকে। পুলিশের জলকামান ও কাঁদানে গ্যাসের মধ্যেও তারা স্লোগানে রাজপথ কাঁপাচ্ছেন। উৎসাহ দিয়ে যাচ্ছেন বিক্ষোভকারীদের।গত সপ্তাহে শুরু হওয়া বিক্ষোভ ফ্রান্সের বিভিন্ন শহরে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। লাখ লাখ মানুষ এতে অংশ নিয়েছেন। তাদের মধ্যে প্রায় এক হাজার জনকে গ্রেফতারও করা হয়। রাজধানী প্যারিসেই বিক্ষোভকারীর সংখ্যা ছিল প্রায় এক লাখ ১০ হাজার।পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সরকার বিভিন্ন এলাকায় নিরাপত্তা বাহিনী মোতায়েন করে।প্যারিসের একটি বিক্ষোভস্থলের ভিডিওতে দেখা যায়, ক্যাপ্টেন আমেরিকা ও ব্ল্যাক প্যান্থারের পোশাক পরা দুজনকে ঘিরে ছবি তুলছেন বিক্ষোভকারীরা। পরে বিভিন্ন স্লোগান দিয়ে উপস্থিত জনতাকে উৎসাহিত করতেও দেখা যায় তাদের। এ সময় নিরাপত্তা বাহিনীর সদস্যদের ব্যারিকেড দিয়ে এলাকা ঘিরে রাখতে দেখা যায়।সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া অন্য ভিডিওগুলোতে স্পাইডারম্যান, সুপারম্যান ও ডেডপুলের পোশাক পরা ব্যক্তিদেরও দেখা গেছে। নেপোলিয়ন বোনাপার্ট ও ব্যাটম্যানের পোশাক পরেও কয়েকজন বিক্ষোভে অংশ নেন।