নিজস্ব প্রতিনিধি :
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে হত্যা ও রাষ্ট্রদ্রোহিতাসহ দায়ের করা ১১টি মামলার শুনানির তারিখ পিছিয়ে ২২ এপ্রিল ধার্য করেছেন আদালত।
বুধবার (১৪ ফেব্রুয়ারি) কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারের ২ নম্বর ভবনে স্থাপিত অস্থায়ী ঢাকা মহানগর দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক ফয়সাল আতিক বিন কাদেরের আদালতে মামলাগুলো শুনানির দিন ধার্য ছিল। কিন্তু হাইকোর্ট খালেদা জিয়ার পক্ষে অধিকাংশ মামলা স্থগিত করে। এ কারণে খালেদা জিয়ার আইনজীবী শুনানি পিছিয়ে দেওয়ার আবেদন করেন।
সংশ্লিষ্ট আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর তাপস কুমার পাল জানান, আদালত আবেদন মঞ্জুর করে নতুন তারিখ নির্ধারণ করেছেন।
মামলার মধ্যে রয়েছে রাজধানীর দারুস সালাম থানায় নাশকতার ৮টি, যাত্রাবাড়ী থানায় ২টি এবং রাষ্ট্রদ্রোহের একটি মামলা। খালেদা জিয়ার পক্ষে সব কার্যক্রম স্থগিত করেছেন হাইকোর্ট।
১১টি মামলার মধ্যে যাত্রাবাড়ী থানার একটি হত্যা মামলার চার্জশিট প্রাপ্তির বিষয়ে শুনানির দিন ধার্য ছিল। অপর ১০ মামলা ছিল চার্জ শুনানির জন্য।
মুক্তিযুদ্ধে শহীদের সংখ্যা নিয়ে বিতর্কিত মন্তব্য করার অভিযোগে ২০১৬ সালের ২৫ জানুয়ারি আদালতে রাষ্ট্রদ্রোহের মামলা করা হয় খালেদা জিয়ার বিরুদ্ধে।