নিজস্ব প্রতিনিধি:
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত চার্লস হুইটলি সৌজন্য সাক্ষাৎ করেছেন।
বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) সকালে তিনি গণভবনে গিয়ে সরকারপ্রধানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
এর আগে এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) কান্ট্রি ডিরেক্টর এডিমন গিনটিং গতকাল (১৭ জানুয়ারি) গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক করেন। বৈঠকে তিনি বাংলাদেশের সুন্দর ভবিষ্যতের জন্য প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনার প্রত্যাবর্তন অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন।
অপরদিকে বুধবার বিকেলে পররাষ্ট্রমন্ত্রী ড. হাসান মাহমুদের সঙ্গে ইইউ রাষ্ট্রদূত চার্লস হুইটলির সাক্ষাৎ করেন। পরে তিনি সাংবাদিকদের ব্রিফ করেন।
সেখানে হুইটলি বলেন, বৈঠকে ইইউ-বাংলাদেশ সম্পর্ক নিয়ে আমাদের অনেক আলোচনা হয়েছে। আপনারা জানেন, আমাদের অনেক এজেন্ডা আছে। শিগগির নতুন পার্টনারশিপ কো-অপারেশন অ্যাগ্রিমেন্টে (পিসিএ) সই করতে যাচ্ছি আমরা। এটি অনেক ব্যাপক ও নতুন প্রজন্মের চুক্তি।
ইইউ রাষ্ট্রদূত আরও বলেন, আমরা মধ্যপ্রাচ্য এবং ইউক্রেন-রাশিয়া সংঘাতসহ বৈশ্বিক পরিস্থিতি নিয়েও কথা বলেছি। আমরা এই বিষয়গুলোকে খুব গুরুত্ব দিচ্ছি। আলোচনায় উঠে আসে রোহিঙ্গা সংকটও। এসব ক্ষেত্রে বাংলাদেশের সঙ্গে আমাদের দীর্ঘদিনের সহযোগিতার সম্পর্ক রয়েছে। আগামীতেও বহু বছর ধরে এই সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশা করছি।
টানা চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর বিভিন্ন দেশের সরকার, সংস্থা ও প্রতিষ্ঠানের পক্ষ শেখ হাসিনাকে অভিনন্দন জানানো হচ্ছে।