বাংলাদেশ কন্ঠ ।। রোববার ।। ১০ মে ২০২৬ ।।
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ-২০২৫-এর আওতায় প্রাথমিকভাবে নির্বাচিত ১৪ হাজার ৩৮৪ জন প্রার্থীর অতীত কার্যক্রম ও জমা দেওয়া নথিপত্র যাচাইয়ের নির্দেশ দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই)। এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি রোববার (১০ মে) অধিদপ্তরের পলিসি ও অপারেশন বিভাগ থেকে প্রকাশ করা হয়।
সহকারী পরিচালক (নিয়োগ) আইরিন পারভীনের স্বাক্ষরিত নির্দেশনায় জানানো হয়েছে, চূড়ান্ত নিয়োগের আগে সব প্রার্থীকে বাধ্যতামূলকভাবে পুলিশি যাচাই (Police Verification) প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে। এই যাচাইয়ের মাধ্যমে মূলত দুটি বিষয় খতিয়ে দেখা হবে—প্রার্থীর বিরুদ্ধে কোনো অপরাধমূলক সম্পৃক্ততা আছে কি না এবং নিয়োগের সময় জমা দেওয়া সনদ ও অন্যান্য কাগজপত্র সঠিক ও বৈধ কি না।
নির্দেশনায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত সময়ের মধ্যে এই যাচাই কার্যক্রম সম্পন্ন করার আহ্বান জানানো হয়েছে। সাধারণ নিয়ম অনুযায়ী, পুলিশ ভেরিফিকেশন ও নথি যাচাই শেষে তথ্য সঠিক প্রমাণিত হলে তবেই প্রার্থীদের চূড়ান্ত নিয়োগপত্র দেওয়া হবে।
অধিদপ্তর জানিয়েছে, নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতেই এই ধাপটি বাধ্যতামূলক করা হয়েছে। যাচাই কার্যক্রম শেষ হলে তবেই নির্বাচিতরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক হিসেবে যোগদানের সুযোগ পাবেন। নির্ধারিত সময়সূচি অনুযায়ী দ্রুত এই প্রক্রিয়া শুরু করতে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের ইতোমধ্যে নির্দেশ দেওয়া হয়েছে।