মো: শাকিল হোসাইন, ধামরাই প্রতিনিধি : ঢাকার ধামরাইয়ে প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় একটি ডায়াগনস্টিক সেন্টার ও পাঁচটি হাসপাতালকে মোট ২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেছে স্বাস্থ্য অধিদপ্তর ও উপজেলা প্রশাসন। একই সঙ্গে পাঁচটি হাসপাতালের কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে ধামরাই পৌরশহরের ইসলামপুর ও কালামপুর এলাকায় যৌথভাবে এ অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) মো. ফাহিম শাহরিয়ার। অভিযান পরিচালনার সময় উপস্থিত ছিলেন ঢাকা জেলা সিভিল সার্জন ডাঃ জাকারিয়া মাহমুদ ও ধামরাই উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা ভারপ্রাপ্ত কর্মকর্তা ডাঃ আহমেদুল হক তিতাস।
অভিযানে আল-মদিনা স্কয়ার হাসপাতাল, ইসলামপুর জেনারেল হাসপাতাল, পপুলার হাসপাতাল-২ ও আলাদিন্স হাসপাতালকে ৫০ হাজার টাকা করে মোট ২ লাখ টাকা জরিমানা করা হয়। এছাড়া সেবা ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারকে ৩০ হাজার এবং হারুন জেনারেল হাসপাতালকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় পাঁচটি হাসপাতালের কার্যক্রম সাময়িকভাবে বন্ধের নির্দেশ দেওয়া হয়।
সহকারী কমিশনার (ভূমি) জানান, বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে শৃঙ্খলা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।