নিজস্ব প্রতিনিধি:
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, দ্রব্যমূল্য বৃদ্ধিতে জনগণ দিশেহারা অথচ এখন আওয়ামী লীগ নেতারা শত কোটি টাকার মালিক। ওদের তো খেজুর কিনতে অসুবিধা হয় না, ওরা ফাইভ স্টারের খাবার নিয়ে বাড়ি বসে আছেন।
শনিবার (১৬ মার্চ) বিকেলে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, প্রত্যেক জায়গায় সরকারি সংগঠনের নেতারা আঙ্গুল ফুলে কলাগাছ। মন্ত্রীদের ইউরোপসহ বিশ্বের বিভিন্ন দেশে মিলিয়ন মিলিয়ন ডলারের গাড়ি-বাড়ি রয়েছে। ওয়ার্ড পর্যায়ের একজন নেতা এখন শত কোটি টাকার মালিক। জেলা ছাত্রলীগের নেতারাও দুই হাজার কোটি টাকা পাচার করেছেন। যা আমরা গণমাধ্যমে দেখতে পাচ্ছি। ওদের তো খেজুর কিনতে অসুবিধা হয় না, ওরা ফাইভ স্টারের খাবার নিয়ে বাড়ি বসে আছেন।
ছাত্রলীগ কর্তৃক ধর্মীয় অনুষ্ঠানকে রক্তাক্ত করা হচ্ছে অভিযোগ করে রিজভী বলেন, ধর্মীয় অনুষ্ঠানগুলোও এখন ছাত্রলীগের হাতে রক্তাক্ত হচ্ছে। এটা কেন করা হচ্ছে, প্রভুদের খুশি করার জন্য ইফতার বন্ধের নির্দেশ দিয়েছে।
বিএনপির এই মুখপাত্র আরও বলেন, সরকারের বিরুদ্ধে জনগণের ক্ষোভ যে বাড়ছে তা শেখ হাসিনা বুঝতে পারছেন। এ কারণে তারা ছোটখাটো কর্মসূচিতেও আইনশৃঙ্খলা বাহিনীকে দিয়ে যুদ্ধের আভাস তৈরি করেছেন। আন্দোলন দমনে সরকারি সব সরঞ্জাম নিয়ে হাজির হয়েছে আইন-শৃঙ্খলা বাহিনী।
তিনি অভিযোগ করেন, বাজারের সিন্ডিকেটে আওয়ামী লীগের লোকজন থাকায় সরকার কোনো ব্যবস্থা নিচ্ছে না।