নিজস্ব প্রতিনিধি:
বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, বাংলাদেশে ১৭ কোটি মানুষের মধ্যে ৪ কোটি মানুষ যাদের ক্রয়ক্ষমতা ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) দেশগুলোর সমান। ২০৪১ সালের মধ্যে দেশকে উন্নত-সমৃদ্ধ সোনার বাংলা হিসেবে গড়ে তোলার প্রধানমন্ত্রী শেখ হাসিনার লক্ষ্য তার আগেই পূরণ হবে।
মঙ্গলবার (১৭ অক্টোবর) রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় বাংলাদেশ ফার্নিচার ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন আয়োজিত ‘১৮তম জাতীয় ফার্নিচার ফেয়ার-২০২৩’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
বাণিজ্যমন্ত্রী বলেন, অনেক লড়াই-আন্দোলন-সংগ্রাম করে আমাদের এই প্রিয় দেশ স্বাধীন হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার অক্লান্ত পরিশ্রমের ফলে দেশ আজ বিশ্ববাসীর কাছে উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছে। বিভিন্ন উন্নয়ন সূচকে পাকিস্তানসহ পার্শ্ববর্তী অনেক দেশকে পেছনে ফেলে এগিয়ে গেছে বাংলাদেশ। বিশ্বের যে কোনো প্রান্তে গেলেই বাংলাদেশের উন্নয়নের গল্প শোনা যায়, যা বাঙালি হিসেবে আমাদের জন্য অত্যন্ত গর্বের।
তিনি বলেন, দেশের আসবাবপত্র খাত খুব অল্প সময়ের মধ্যে একটি শক্তিশালী খাতে রূপান্তরিত হয়েছে। দেশের সীমানা ছাড়িয়ে এখন বিদেশেও রপ্তানি হচ্ছে আসবাবপত্র। বাংলাদেশী ফার্নিচারের মান, ডিজাইন ও আধুনিকতা বিশ্বের যে কোন দেশের নজর কাড়বে এবং তারা তা নিতে আগ্রহী হবে।
টিপু মুনশি বলেন, তৈরি পোশাক শিল্পখাত আজ যে অবস্থানে এসেছে এটি একদিনে হয়নি। বর্তমানে ফার্নিচার থেকে ১১০-১২০ মিলিয়ন মার্কিন ডলার রপ্তানি হচ্ছে বলে যে তথ্য দিচ্ছেন তা এ অবস্থায় থাকবে না। এ খাতে বিগত ১০-১২ বছরে যে বৈপ্লবিক পরিবর্তন এসেছে তাতে খুব শিগগির খাতটি রপ্তানিতে উল্লেখযোগ্য অবস্থান তৈরি করতে সক্ষম হবে।
বাংলাদেশ ফার্নিচার শিল্প মালিক সমিতির চেয়ারম্যান সেলিম এইচ রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রপ্তানি উন্নয়ন ব্যুরোর ভাইস-চেয়ারম্যান ও সিইও এএইচএম আহসান, এফবিসিসিআই সভাপতি মাহবুবুল আলম এবং বাংলাদেশ ফার্নিচার এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি ও এফবিসিসিআই পরিচালক কে এম আকতারুজ্জামান।